ঢাকা বিপিডব্লিউ ক্লাবের সাবেক সভানেত্রী নার্গিস জাফরের মৃত্যুতে শোক

বিশিষ্ট সমাজসেবী, গ্রন্থাগারিক এবং ঢাকা বিপিডব্লিউ ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও প্রাক্তন সভানেত্রী নার্গিস জাফরের মৃত্যুতে ঢাকা বিজনেস এন্ড প্রফেশনাল উইমেন্স ক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ এবং তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমা ক্লাবের প্রতিষ্ঠালগ্ন ১৯৬২ সাল থেকে আমৃত্যু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। নার্গিস জাফর গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। প্রধানমন্ত্রীর শোক বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম কবি সিকান্দার আবু জাফরের স্ত্রী নার্গিস জাফরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে মৃত্যুর খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নার্গিস জাফরের ধানমন্ডির বাসায় যান। প্রধানমন্ত্রী সেখানে মরহুমার কফিনের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া করেন। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি ও মুক্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।