ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদারের কাজ কী?

প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কমবেশি ১০/১২ জন করে চৌকিদার-দফাদার আছে। তারা সকলেই বেতনভোগী কর্মচারী। কিন্তু তাদের কাজ কী? আমরা অনেকেই তা জানি না। চৌকিদার’ শব্দটির আভিধানিক অর্থ প্রহরী, কর আদায়কারী পেয়াদা এবং ‘দফাদার’ শব্দটির আভিধানিক অর্থ-মজুর, চৌকিদার প্রভৃতির সর্দার। উল্লেখিত অর্থ থেকে বোঝা যায়, চৌকিদার-দফাদার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে রাতে পাহারা দেবে, যাতে চুরি-ডাকাতি না হয় এবং যেসব স্থানে রাষ্ট্রীয় ও সামাজিক দৃষ্টিতে অসামাজিক ও অনৈতিক কোনো কাজ হতে পারে বা না হয় সেদিকে লক্ষ রাখবে এবং পরের দিন তারা মাননীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের কাছে যথাযথ তথ্য সংবলিত প্রতিবেদন দেবে। এতে গ্রামগঞ্জে জনসাধারণ মোটামুটি নির্ভয়ে শান্তিতে বসবাস করতে পারবেন। কিন্তু প্রকৃতপক্ষে সে রকমটি হচ্ছে না। অতএব, এই বিষয়টির প্রতি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের আশু দৃষ্টি আকর্ষণ করছি। এ জেড এম কামাল উদ্দিন, চাপারকোনা, ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন, সরিষাবাড়ী, জামালপুর।