শচীনের সঙ্গে অবসরে যাচ্ছে ১০ নম্বর জার্সিও

চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স শচিন টেন্ডুলকারের অবসরের সঙ্গে সঙ্গে তার পরিচিত ১০ নম্বর জার্সিকেও ‘অবসরে’ পাঠাচ্ছে। আইকন এ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধাস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। আগামী মাসে নিজের ২০০তম ম্যাচের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন বলে বৃহস্পতিবার ঘোষণা দেন এই ব্যাটিং জিনিয়াস। খেলোয়াড়ের অবসরের সঙ্গে সঙ্গে তার জার্সিকেও চিরতরে তুলে রাখার এই সংস্কৃতির সঙ্গে ক্রিকেট খুব বেশি পরিচিত না হলেও ফুটবল কিংবা অন্যান্য খেলায় এমন দৃষ্টান্ত মোটেও বিরল নয়। ব্রাজিলের কিংবদন্তী পেলের ১০ নম্বর জার্সিকে অবসর দেয়া হয়েছিল। তবে এরপর জিকো, রিভালদোর মতো তারকা ফুটবলাররা এবং অতি সম্প্রতি কাকা পরেছেন এ জার্সি। আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিকেও ২০০১ সালে অবসরে দেয়া হয় এবং বর্তমানে তা পরছেন বার্সেলোনার লিওনেল মেসি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং সুপারস্টারের অবসরে ঠিক তেমনটাই করতে চলেছে তার ক্লাব মুম্বাই। মুম্বাইর মালিক নিতা আম্বানি ডিএনএ পত্রিকাকে বলেন, ‘আমি মনে করি এটা আমাদের ‘মাস্টার’-এর প্রাপ্য সম্মান। একই বছর আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করাটা একটি বড় অর্জন। এটা আমাদের জন্য অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত এবং আমরা এই ১০ নম্বর জার্সিকে ‘অবসর’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ -বাসস