টু কি টা কি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১২
সর্বোচ্চ ছক্কা!
ছক্কা পক্ষ বিপক্ষ সাল
২৭ বাংলাদেশ নিউজিল্যান্ড ২০১৩
২৭ পাকিস্তান ভারত ২০০৬
২৩ নিউজিল্যান্ড ইংল্যান্ড ২০০২
২২ পাকিস্তান নিউজিল্যান্ড ১৯৭৬
২২ ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ২০১০
চট্টগ্রাম টেস্টটিকে এক কথায় বলা যায় রেকর্ডময় এক ম্যাচ। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দু’দল মিলেও অনন্য এক রেকর্ড গড়েছে চট্টগ্রাম টেস্টে। ম্যাচে হয়েছে মোট ২৭ টি ছক্কা! টেস্ট ম্যাচে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০০৬ সালে ফয়সালাবাদ টেস্টেও সমান সংখ্যক ছক্কা মেরেছিল ভারত ও পাকিস্তানের ব্যাটসম্যানরা।
ওয়াটলিংয়ের দু’রূপ!
একই ম্যাচে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে ফেললেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটসম্যান জন ওয়াটলিং। প্রথম ইনিংসে ১০৩ রান করে গড়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তবে, দ্বিতীয় ইনিংসে ফিরলেন প্রথম বলেই। সোহাগ গাজীর ইতিহাস গড়া হ্যাটট্রিকের দ্বিতীয় শিকার হলেন এই ব্যাটসম্যান। টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও শূন্য রানে আউট হওয়ার মিছিলটা অবশ্য বেশ লম্বা। তালিকায় আছেন ডন ব্র্যাডম্যান, ডেনিস কম্পটন, ইয়ান চ্যাপেল, ভিভ রিচার্ডস, জিওফ্রে বয়কটের মতো কিংবদন্তিরা। আছেন বাংলাদেশের তামিম ইকবালও।
অপরিবর্তিত স্কোয়াড
প্রথম টেস্টে আশানুরূপ পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টেও একই স্কোয়াডের উপরই ভরসা রাখেছেন নির্বাচকরা। ঢাকা টেস্টের জন্য দলে কোন পরিবর্তন আনা হয়নি। ১৪ জনের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন।
আবার তামিম!
প্রথম ইনিংসে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে আর সেই ভুল হল না। ৯৫ বলে আটটি চারের সাহায্যে করলেন ৪৬ রান। স্বরূপে ফিরলেন তামিম ইকবাল। কিন্তু আউট হলেন আবারও সেই পুরনো ঢংয়ে। স্পিনার ব্রুস মার্টিনের অফস্ট্যাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন উইলিয়ামসনকে।