চট্টগ্রাম টেস্ট ড্র হলো

আগের দিনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল চট্টগ্রাম টেস্টের ফলাফল। গতকাল রবিবার জহুর আহমেদ স্টেডিয়ামে বড় কোন চমক ছাড়াই শেষ হল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ড্র দিয়ে সমতায় থাকলো দু’দল। চতুর্থদিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগেই শেষ হয়ে যায়। তাই গতকাল পঞ্চম দিনের খেলা শুরু হয় আধা ঘণ্টা আগে। আগেরদিনে এক উইকেটে ১১৭ রান দিয়ে দিন শুরু করে সাত উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এর মধ্যেই অনন্য এক রেকর্ড গড়েন সোহাগ গাজী। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই টেস্টেই করেন সেঞ্চুরি ও হ্যাটট্রিক। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৭৪ রান। ওপেনার পিটার ফুলটন ৫৯ ও রস টেলর ৫৪ রানে অপরাজিত ছিলেন। দিনের তখনও প্রায় ৫০ ওভার খেলা বাকি। ওয়ানডে মেজাজে খেললে ২৫৬ রান তাড়া করেও জয় পাওয়া সম্ভব। তবে, বাংলাদেশ সেই ঝুঁকিতে গেল না। ৪৮ ওভার ২ বল পর্যন্ত ব্যাট করে তিন উইকেটে ১৭৩ রান করে শেষ করলো টেস্ট। সাকিব আল হাসান ৩৯ বলে ঝড়ো ৫০ রানের ইনিংস খেললেন। টেস্টে এটা তার ১৪ তম হাফ সেঞ্চুরি। ওপেনার তামিম ইকবাল ৪১ ও তিন নম্বরে খেলতে নামা মার্শাল আইয়ুব করেন ৩১ রান। ২২ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে ১৮১ রান করা মমিনুল হক। সফরকারী স্পিনার ব্রুস মার্টিন নেন দুটি উইকেট। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২১ অক্টোবর।