অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র :বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশটির রাজনৈতিক দলগুলোকে একটা সমাধানে পৌঁছানোর আহবান জানান। না হলে বিশ্বের জন্য এটা দুর্যোগ ডেকে আনবে হুঁশিয়ারি দেন কিম। খবর বিবিসি ও এএফপি’র। যুক্তরাষ্ট্রের কেন্দ ীয় বাজেট সংকট ও জাতীয় ঋণের সীমা নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র যৌথ বার্ষিক সভা শেষে শনিবার ইয়ং কিম বলেন, আমরা একটি বিপজ্জনক মুহূর্ত থেকে আর মাত্র পাঁচ দিন দূরে আছি। কিম বলেন, আমরা ওই সময়সীমার যত কাছে যাবো, উন্নয়নশীল বিশ্বের জন্য এর প্রভাবও হবে তত বেশি। কিম বলেন, যদি এটি ঘটে যায়, তাহলে উন্নয়নশীল বিশ্বের জন্যও এটি হবে এক বিপর্যয়কর ঘটনা এবং সেটি পরবর্তীতে উন্নত অর্থনীতির দেশগুলোর জন্যও বিশাল ক্ষতির কারণ হবে। আগামী ১৭ অক্টোবর মার্কিন বাজেটের সব নগদ অর্থ শেষ হয়ে যাবে। এ সময়ের পর দেশটির প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা দুষ্কর হয়ে পড়বে।