মাওয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ নেই
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২১
এবারের ঈদে মাওয়া ঘাটের চিত্র একেবারে ব্যতিক্রম। যাত্রীশূন্য হয়ে পড়েছে মাওয়া ঘাট। ঈদে ঘরমুখো মানুষের চাপ নেই বললেই চলে।
দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের অন্যতম প্রবেশদ্বার মাওয়া ঘাট এবার অনেকটাই যাত্রীশূন্য। ঈদের আর মাত্র দুইদিন বাকি থাকলেও মাওয়া ঘাটে যাত্রী পারাপারে তেমন কোন প্রভাব পড়েনি। অথচ গত বছর এই সময়ে মাওয়া ঘাটে মানুষের ঢল নেমেছিল। ঘাটে নেই কোন যানজট। ফেরির জন্য গাড়ির কোন লাইন নেই। বাস থেকে যাত্রীরা নেমে সরাসরি চলে যাচ্ছেন লঞ্চ ও স্পিডবোট ঘাটে। টোল ছাড়াই যাত্রীরা লঞ্চে নদী পাড়ি দিচ্ছেন। বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম জানান, ঘাটে এখন ফেরি আছে কিন্তু গাড়ি নেই। আমার চাকরি জীবনে এই ব্যতিক্রমী অবস্থা আর চোখে পড়েনি। রবিবার সকাল থেকে ফেরি অপেক্ষা করে গাড়ির জন্য। বিশেষ করে ঈদের এই সময়ে। ঘাটে যানবাহনকে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না বরং ফেরিগুলোই গাড়ির জন্য অপেক্ষা করছে। সকালে প্রতি রবিবারের চেয়েও চাপ ছিল কম, যা আমরা স্বাভাবিক বলেই মনে করছি। বেলা বাড়ার সাথে সাথে ঘাট যানবাহন শূন্য হয়ে পড়ে, ফেরিগুলো গাড়ির জন্য অপেক্ষা করছিল। সামনে প্রাইমারি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকায় এবার ঈদে বাড়িফেরা মানুষের সংখ্যা অনেক কম। তিনি বলেন, ঈদকে সামনে রেখে নির্বিঘ্নে যাত্রী পারাপারে মাওয়ায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মাওয়া-কাওড়াকান্দি রুটে বর্তমানে ১৩ টি ফেরির স্থানে ১৭টি ফেরি চলছে। গড়ে এই রুটে প্রতিদিন ১৭শ’ থেকে ১৮শ’ গাড়ি ও প্রায় ৫ থেকে ৬ লাখ লোক পারাপার করা হলেও ঈদে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। ঈদের কয়েক দিন আগে থেকে প্রতিদিন কমপক্ষে ৪ হাজার গাড়ি এই রুটে পার করা হয়। এ সময় প্রতিদিন ফেরি দিয়েই শুধু ১২ থেকে ১৫ লাখ লোক পদ্মা পাড়ি দেয়। এছাড়া লঞ্চ, ট্রলার ও স্পিডবোটেও বিপুলসংখ্যক লোক প্রতিদিন পদ্মা পাড়ি দিয়ে থাকে ।