চট্টগ্রামের ২৪ গরু ব্যবসায়ী হাসপাতালে

নিজেদের রান্না করা খাবার খেয়ে চট্টগ্রামে ২৪ গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে অসুস্থ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সাথে বিষ মিশিয়ে তাদের অজ্ঞান করে চার লাখ টাকা নিয়ে গেছে। গত শনিবার রাতে নগরীর স্টিল মিল বাজারে অস্থায়ী এক গরুর হাটে এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যবসায়ীদের একে একে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিত্সার পর ১৭ ব্যবসায়ী গতকাল রবিবারের মধ্যে হাসপাতাল ত্যাগ করেন। বাকি ৭ জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক ইত্তেফাককে এ তথ্য জানান। এদিকে অসুস্থ ব্যবসায়ীরা অজ্ঞান পার্টি সদস্যদের কবলে পড়ার অভিযোগ করলেও, বিক্রির জন্য আনা তাদের গরুগুলো যথাস্থানে রয়েছে। এ ব্যাপারে পতেঙ্গা থানার ডিউটি অফিসার এসআই জানান, গরু ব্যবসায়ীদের অসুস্থ হওয়ার জন্য অজ্ঞান পার্টি দায়ী নয়। খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, নগরীর পতেঙ্গা স্টিল মিল এলাকায় স্থাপিত অস্থায়ী বাজারে গরু বিক্রি করতে আসা কয়েক ব্যবসায়ী গত শনিবার রাতে রান্না করে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। রান্না করা ওই খাবারে কেউ হয়তো বিষ মিশিয়ে দিয়েছিল। রাত দেড়টার দিকে তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর একে একে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোট ২৪ জন ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়।