মধ্যপ্রদেশে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১১৫
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৪
ভারতে সুপার সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণিঝড় পাইলিনের আঘাতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গতকাল রবিবার হিন্দুদের একটি ধর্মীয় উত্সব চলাকালে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হয়ে অন্তত ১১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। মধ্যপ্রদেশের দাতিয়ায় রতনগর মন্দিরের কাছে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হলে এই ঘটনা ঘটে। কি কারণে এই হুড়োহুড়ি শুরু হয় সেই বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেননি। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠি ব্যবহার করলে এই ঘটনার সূত্রপাত। তবে পুলিশ বলছে, একটি সেতু ভেঙ্গে পড়ার গুজব থেকে আতঙ্ক ছড়িয়ে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। হিন্দুদের নয়দিন ব্যাপী এক ধর্মীয় উত্সবের শেষ দিনে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন মধ্য প্রদেশের ওই মন্দিরে। দাতিয়া জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে মন্দিরটিতে যেতে হয় সিন্ধু নদীর ওপর আধা কিলোমিটার দীর্ঘ এক সেতু পার হয়ে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ডি কে আরিয়া জানিয়েছেন, সেতুটি ভেঙ্গে পড়ছে এমন এক গুজব থেকে এই দুর্ঘটনার সূত্রপাত। আতংকিত মানুষ তখন দ্রুত এটি পেরুতে গেলে হুড়োহুড়ি শুরু হয়। দাতিয়া জেলা প্রশাসনের প্রধান সানকেট ভন্ডবে জানিয়েছেন, তখন এই সেতুর ওপর বহু মানুষ ছিল। বহু মানুষ প্রাণে বাঁচতে সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ে। মানুষের চাপে সেতুটির রেলিংও ভেঙ্গে পড়ে। নিহতের সংখ্যা এখনো বাড়ছে। আহতের সংখ্যা একশো ছাড়িয়ে গেছে। ঘটনা স্থলে পুলিশ এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পানির নিচে ডুবুরি নামিয়ে নিখোঁজ মানুষদের সন্ধান করা হচ্ছে। ভারতে হিন্দুদের ধর্মীয় উত্সবে পদ-দলনে মৃত্যুর ঘটনা মাঝে মধ্যেই ঘটে।