আমি পশ্চিমা দেশের পুতুল না :মালালা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৫
পাকিস্তানি নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছে, সে পশ্চিমা দেশের পুতুল না। পাকিস্তানের নাগরিক হিসেবেই সে গর্ববোধ করে। সমপ্রতি তাকে নিয়ে বিতর্ক দেখা দেয় যে, সে পশ্চিমা দেশের গুরুত্বপূর্ন ব্যক্তিতে পরিণত হচ্ছে। এই সমালোচনার জবাবে সেই এই মন্তব্য করে। খবর এনডিটিভি’র।
তালেবানের গুলিতে আহত ১৬ বছর বয়সী মালালা বলে, আমি পাকিস্তানের মানুষের সমর্থন চাই এবং পাকিস্তানের রাজনীতিতে প্রবেশ করতে চাই। গতকাল রবিবার বিবিসি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে মালালা বলে, আমার বাবা বলেন, শিক্ষার কোনো পূর্ব-পশ্চিম নেই। শিক্ষা তো শিক্ষাই। এটা সব জায়গাই এক। আমি পাকিস্তানের মেয়ে হিসেবে গর্ববোধ করি এবং তারা আমাকে পশ্চিমা হিসেবে দেখেন না। আমি তালেবানের গুলিতে আহত হওয়ার পরদিন পাকিস্তানে মানুষ ব্যানার তৈরি করেছিলেন এবং লিখেছিলেন, ‘আমি মালালা’। তারা লেখেনি, আমি তালেবান’। পাকিস্তানিরা আমাকে এবং আমার নারী শিক্ষা আন্দোলনকে সমর্থন করেন।