নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরির জায়গা নেই

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হওয়ার জায়গা নেই। ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সরকার তা নিশ্চিত করবে। আগামীতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার সার্কিট হাউসে গতকাল রবিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে প্রস্তাব দিয়েছেন। এখনো সেই প্রস্তাব আছে। সংবিধানের আলোকে নির্বাচনে কীভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেই বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। তিনি বিরোধী দলকে আল্টিমেটাম না দিয়ে প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বহু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরে মন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের সঞ্চয় করা টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী মহসিন আহমেদ ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।