আজ বিজয়া দশমী
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:৩১
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু বাঙালি সমপ্রদায়ের সবচে’ বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আজ শুভ বিজয়া। সনাতন বিশ্বাসে-বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে।’
‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’ মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসেন দোলায় চড়ে। আজ সোমবার বিজয়া দশমীতে ত্রয়োস্ত্রীদের দেবীবরণ ও সিঁদুর খেলার পর বিদায় নেবেন গজগামিনী হয়ে। আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামবে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। আজ অনেকে উপবাস করবেন। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে উত্সবের আমেজ। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলবে আবির উত্সব। সকালে দেয়া হবে দর্পণঘট বিসর্জন। রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। বিজয়া দশমী উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে আজ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে। বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হবে।
গতকাল নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়। সকালে নবমী বিহিত পূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভোগ আরতি। শেষবারের মত ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে ছিল ভিড়। বাসা-বাড়িতে অতিথি আপ্যায়ন করেন হিন্দু সমপ্রদায়ের লোকজন।
জাতীয় পার্টি-জেপি’র শুভেচ্ছা
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাঙালি হিন্দুদের সর্বপ্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং এ দেশের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করা। বাংলাদেশ এক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছে। আমরা এই উপলক্ষে দেশ ও জাতির অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমাদের দলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এবং হিন্দু ধর্মাবলম্বীদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
দুর্গাপূজা উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। গতকাল রবিবার এক বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী হিন্দু জনগোষ্ঠী দুর্গা পূজা উদযাপন করছেন। এই উপলক্ষে স্ত্রী গ্রেস, আমাদের পরিবার এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এই আনন্দমুখর উত্সবে সকল বাংলাদেশিকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাই। দুর্গা পূজার বার্তাটি সর্বজনীন- আর তা হচ্ছে সামাজিক ন্যায়বিচার, অনুকম্পা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্তব্যবোধ এবং পরিবার ও সমাজের জন্য ভালোবাসা। দুর্গা পূজার এই উত্সব আমাদের সকলের জীবনে আনন্দ নিয়ে আসুক এবং সকল মানবজাতির জন্য ভালোবাসা ও সমঝোতার ওপর ভিত্তি করে নতুন সূচনা করতে অনুপ্রাণিত করুক। - প্রেস বিজ্ঞপ্তি