চার বছর পর বিএনপি নেতা সান্টু ফিরলেন নির্বাচনী এলাকায়
লিটন বাশার, উজিরপুর থেকে ফিরে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:৩৩
বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘ প্রায় ৪ বছর পর গতকাল রবিবার তার নির্বাচনী এলাকা উজিরপুর-বানারীপাড়া এসেছেন। তাকে বরণ করে নিতে গতকাল বরিশাল বিমান বন্দরে হাজার হাজার মানুষের ঢল নামে। জনতার উচ্ছ্বাস দেখে আবেগ আপ্লুত সান্টু বিমান বন্দরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি উজিরপুর উপজেলার বেশ কয়েকটি সংবর্ধনা সভা ও পথ সভায় বক্তৃতা করেন।
শিল্পপতি সরফুদ্দিন সান্টুকে বরণ করে নিতে সকাল থেকে বরিশাল বিমান বন্দরে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে জড়ো হতে থাকেন। সান্টুকে বহনকারী বিমান রানওয়ে স্পর্শ করার আগেই বিমান বন্দর এলাকার সড়ক-মহাসড়কে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। বিমান থেকে নেমে সান্টু উপচেপড়া জনতার ভিড়ে দাঁড়িয়ে ছিলেন। মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। জনতার ভিড় ঠেলে সান্টু গাড়ীতে উঠতে না পারায় নেতা-কর্মীরা তাকে কোলে তুলে বিমান বন্দরের বাইরে নিয়ে আসেন। এ সময় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ দিন আপনাদের পাশে থাকতে পারিনি। তবুও আপনাদের ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে যাতে আর কখনো আপনাদের ছেড়ে যেতে না হয় সে জন্য দোয়া করবেন। সারা জীবন আমি আপনাদের পাশে থাকতে চাই। এ ক্ষুদ্র জীবনে আমার আর তেমন কোন চাওয়া-পাওয়া নেই। আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তা বিদেশের মাটিতে বসেও এক মুহূর্তের জন্য ভূলতে পারিনি।
বিমান বন্দর থেকে সান্টুর গাড়ীর বহরটি কয়েক হাজার মোটর সাইকেলে শোভাযাত্রা সহকারে উজিরপুরের ইচলাদী বিএনপি কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংবর্ধনা সভায় বক্তৃতার পর তিনি উপজেলার মশাং, ডাবের কুল, ওঠরা, ভবানীপুর, হারতা, সাতলা, নাথার কান্দি, জল্লা, বামরাইল ও ষোলকসহ কয়েকটি পথ সভায় বক্তৃতা করেন। এ সময় সান্টু বিগত ৪ বছর তার প্রবাস জীবনের কথা তুলে ধরে বলেন- দেশের একটি রাজনৈতিক সংকটময় মুহূর্তে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। আপনাদের এখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমার সাথে আন্দোলন করতে হবে।
সান্টু বলেন- নির্দলীয় সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগামী ২৫ অক্টোবর থেকে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আপনারা মনে রাখবেন, আমি এমপি নির্বাচিত হলে গরীবের চাল-গম লুট হবে না। বর্তমান সরকারের এমপিদের যে ভাবে ভাগ্যের উন্নয়ন হয়েছে সেভাবে এলাকার কোন উন্নয়ন হয়নি। আমি এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন হবে। সভায় বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মাস্টার, উজিরপুর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টারসহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পথ সভা শেষে বিকালে তিনি উজিরপুরের গুটিয়ায় নিজ বাড়িতে ফেরেন। সেখানেও সান্টুর প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদ কমল্পেক্সে সান্টুকে এক নজর দেখার জন্য জনতার ঢল নামে।
প্রসঙ্গত: ২০০৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৫৫৮ ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের কাছে পরাজিত হন সরফুদ্দিন আহমেদ সান্টু। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৫ বছর তিনি আমেরিকা ও সিঙ্গাপুরে কাটিয়েছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত কর ফাঁকির মামলায় গত বৃহস্পতিবার তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।