স্মার্টফোনের কারণে অফিসের বাইরেও করতে হচ্ছে কাজ

সময়ের সাথে সাথে বাড়ছে বিভিন্ন ধরনের গ্যাজেটসের ব্যবহার। বিশেষ করে স্মার্টফোন এখন ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী মানুষের হাতে হাতে। আর তাতে করে দিনের ২৪ ঘণ্টাই এখন সময় কাটছে এসব ডিভাইসের সাথে। দৈনন্দিন জীবন-যাপনের ধরণও পাল্টে গেছে এর ফলে। বিশেষ করে অফিসের কাজ এখন অফিসের বাইরেও করার প্রবণতা তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের একটি সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, কিউইরা ঘরে-বাইরে, গাড়িতে, বারে, অফিসে এবং এমনকি ছুটির দিনেও ব্যবহার করছে স্মার্টফোন। ম্যাসে ইউনিভার্সিটির সাথে ক্ল্যারিয়ান এইচআর-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় গবেষকরা বলছেন, নিউজিল্যান্ডের প্রায় ৭৩ শতাংশ মানুষ অফিসের বাইরেও অফিসের কাজ করছেন। আর পেছনে মূল ভূমিকা রাখছে স্মার্টফোন। গবেষণার আওতায় থাকা মানুষদের দুই-তৃতীয়াংশই জানিয়েছে, তারা প্রযুক্তির সুবিধা ব্যবহার করে আগের চাইতে বেশি কাজ করতে চান। প্রায় সকলেরই ধারণা, স্মার্টফোন তাদের জীবনকে ইতিবাচকভাবেই পাল্টে দিয়েছে।