নিরাপত্তা চুক্তিতে রাজি যুক্তরাষ্ট্র-আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রাথমিকভাবে দ্বিপক্ষীয় একটি নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছেন। চুক্তিটি চূড়ান্ত হতে এখন আফগান আদিবাসী বয়োজ্যেষ্ঠদের অনুমোদন পেতে হবে। কাবুলে দু’দিনের আলোচনার পর কেরি এবং কারজাই শনিবার যৌথভাবে এ চুক্তির ঘোষণা দেন। এর আওতায় ২০১৪ সালের পরও আফগানিস্তানে থাকবে কিছু বিদেশি সেনা। তাছাড়া, আফগান আইন থেকে মার্কিন সেনাদের অব্যাহতি পাওয়ার দাবির বিষয়টিও এ চুক্তিতে আছে। তবে তা মানা হবে কিনা সে সিদ্ধান্ত নির্ভর করছে আফগানিস্তানের লয়া জির্গা এবং অন্য প্রভাবশালী নেতাদের ওপর। কারজাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, দু’পক্ষ কিছু কিছু ব্যাপারে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অক্টোবরের শেষেই নিরাপত্তা চুক্তিটি চূড়ান্ত করতে চান।