ভিয়েতনামের কিংবদন্তী বীর গিয়াপকে চির বিদায় জানাতে মানুষের ঢল

ভিয়েতনামের মহান নেতা ও ভিয়েতনাম যুদ্ধের কিংবদন্তী বীর ভো গুয়েন গিয়াপকে শেষ বিদায় জানাতে দেশটির রাজধানী হ্যানয়ে ভিয়েতনামবাসীদের ঢল নেমেছিলো। ৪ অক্টোবর হ্যানয় সামরিক হাসপাতালে মারা যান ১০২ বছর বয়সী গিয়াপ। —খবর রয়টার্সের। গত রবিবার গিয়াপের শেষ বিদায়ের সময় হ্যানয়ের রাস্তার দুইপাশে উপস্থিত জনসমুদ্রে কেউ চিত্কার করছিলো, কেউ কাঁদছিলো আবার কেউ তার ছবি তুলে ধরে সম্মান জানাচ্ছিলো। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে ভিয়েতনামকে মুক্ত করার মূল পরিকল্পনাকারী জেনারেল গিয়াপ বিংশ শতাব্দীতে বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক প্রধানে পরিণত হয়েছিলেন। গেরিলা যুদ্ধ কৌশলের ওপর লেখা তার বই বিশ্বজুড়ে বিপ্লবী এবং বিদ্রোহীদের অনুপ্রেরণার উত্স হিসেবে কাজ করেছে। দীর্ঘ চার বছর অসুস্থ ও চিকিত্সাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিয়েতনামীদের কাছে ‘বড় ভাই’ হিসেবে খ্যাত গিয়াপের দুই দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষ্যে ভিয়েতনামের টেলিভিশন এবং রেডিওতে বিভিন্ন বেদনামূলক গান বাজানো হয়।