মাদকাসক্তকে পুলিশে দিলেন পিতা

উপজেলার কেশারপাড় গ্রামের আবদুল কাদের কিরণ নামের এক মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন পিতা সালাউদ্দিন। এরপর পুলিশ তাকে গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিকের আদালতে হাজির করে। পরে মাদকাসক্ত কিরণ আদালতের কাছে দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপরই তাকে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইউএনও অফিস ও পুলিশ সূত্র জানায়, আবদুল কাদের কিরণ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলো। বিভিন্ন সময় তার পিতা-মাতা তাকে মাদক সেবন থেকে দূরে রাখার চেষ্টা চালায়। কিন্তু এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পিতা-মাতাকে মারধর করে। অবশেষে পিতা-মাতা এলাকাবাসীর সহযোগিতায় কিরণকে আটক করে সেনবাগ থানায় নিয়ে আসে।