হাতিয়ায় অস্ত্র উদ্ধার
নিয়ে নানা জল্পনা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৯
হাতিয়ার তমরদ্দি ঘাটে ঢাকা থেকে আসা লঞ্চ এমভি ফারহানে গত বৃহস্পতিবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মাহফুজুর রহমান নামে একজনকে আটক করে। পরে হাতিয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উধাও হওয়া আরো ২ কার্টুন অস্ত্রের সন্ধানে স্বতন্ত্র এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাসায় দু’বার তল্লাশি চালায়। এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর নেতৃত্বে এমপি ফজলুল আজিমকে দায়ী করে গ্রেফতারের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরদিন এক সাংবাদিক সম্মেলনে প্রকৌশলী ফজলুল আজিম তার বাসায় ওয়ারেন্ট ও অনুমতি ব্যতিরেকে তল্লাশির প্রতিবাদ করেন ও যাদের নির্দেশে তল্লাশি চালানো হয়েছে তাদের শাস্তি দাবি করেন। এদিকে হাতিয়া থানার এসআই তানবির আহমদ বাদি হয়ে ৯ জনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে হাতিয়ার সাধারণ লোকের মাঝে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা লঞ্চ এমভি ফারহান-৩ এর কেবিনে কয়েকটি কার্টুনসহ আলমগীর, মাহবুব, হাছিব ও মাহফুজ নামের কয়েক ব্যক্তি হাতিয়া ঘাটে আসে। পরে ঘাটের শ্রমিক অস্ত্রসহ মাহফুজুর রহমানকে আটক ও পুলিশে সোপর্দ করে। এছাড়া আলমগীর, হাছিব, মাহবুব ২টি কার্টুন নিয়ে একটি জিপে করে পালিয়ে যায়। খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ স্বতন্ত্র দলীয় এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাসায় তল্লাশি চালায়। কিন্তু তল্লাশি করে পুলিশ কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি।