যুব ফুটবলারদের উন্নতি দেখছেন ডাচ কোচরা

ইরাকে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবল খেলে গতকাল সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ইরাকে তিন ম্যাচ দেখে ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তার মনে করছেন, বাংলাদেশের যুব ফুটবলারদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তরুণ ফুটবলারদের মধ্যে অনেকেই মেধাবী এবং জাতীয় দলে জায়গা করে নেয়ার মতো খেলোয়াড়ও রয়েছেন। ইরাকে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে। এর মধ্যে প্রথম ম্যাচে স্বগাতিক ইরাকের বিরুদ্ধে ৬-০ গোলে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে কুয়েতকে হারিয়েছে এবং শেষ ম্যাচে পাকিস্তানের সাথে গোল শূন্য ড্র করে সি গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল। ভাগ্য খারাপ বাংলাদেশের। ইরাকের কাছে বড় ব্যবধানে হারের কারণে সেরা রানার্স-আপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় গোল গড়ে পিছিয়ে যাওয়া বাংলাদেশের। স্বপ্ন ভেঙে গেলেও একেবারেই হতাশ হয়নি ইরাক সফরে যুব দলের মূল দায়িত্বে থাকা রেনে কেস্তারের। মূল জাতীয় দলের খেলার মতো একাধিক ফুটবলার আছেন, আবারও সে আভাস দিয়েছেন তারা; কিন্তু সবার নাম প্রকাশ করেননি ক্রুইফ কিংবা রেনে কেস্তার। তবে স্টপারব্যাক বাদশার আলাদা নজর কেড়েছেন বলে জানা গেছে। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দারুণ খেলেছেন বাদশা। যে কারণে তিন ম্যাচেই তাকে সেরা একাদশে রাখা হয়েছিল। কুয়েতকে হারিয়ে একটা চমকই দিয়েছে বাংলাদেশের যুব ফুটবলাররা। এই ম্যাচের ৩৫ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলের অধিনায়ক হেমন্ত ভিসেন্টকে। ১০ জন নিয়েও লড়াই করে ম্যাচের ৭৫ মিনিটে রুবেলের গোলে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পাকিস্তানের গোলকিপারকে একা পেয়ে রুবেল জালে বল রাখতে পারেননি। ঢাকায় ফেরা দলের সূত্রে জানা গেল, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা জেতার মতোই পরিস্থিতি ছিল এবং রুবেল ম্যাচের প্রথম সুযোগটা কাজে লাগাতে পারতেন। তা ছাড়া মিডফিল্ডার হেমন্ত লালকার্ড পাওয়ায় এবং আরেক মিডফিল্ডার মেজবার দুই হলুদ কার্ড থাকায় তারা পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। তাতে বাংলাদেশ দল কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই ম্যাচটা জিতলে বাংলাদেশের জন্য ভালো সুযোগ ছিল চূড়ান্ত পর্বে যাওয়ার। তবে তিন ম্যাচেই বাংলাদেশের স্পিড চোখে পড়েছে ডাচ কোচদের। যেটা উদাহরণ হতে পারে মূল জাতীয় দলের ফুটবলারদের জন্য। ঢাকায় ফিরে কোচ রেনে কেস্তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফাইটিং স্পিডটা যেমন দেখেছেন তা যদি প্রত্যেক দলে থাকলে খেলা বদলে যাবে। তরুণদে উজ্জীবিত ফুটবল ডাচ কোচদের নজর কেড়েছে। বিমানবন্দরে অনূর্ধ্ব-১৯ যুব ফুটবল দল পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কারণ ২০১১ সালে যুব ফুটবলে গ্রুপের তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। আর এবার তিন ম্যাচের মধ্যে আছে একটি জয় এবং একটি ড্র। সেই তুলনায় গ্রাফটা উন্নতির দিকে মনে করেই কাল বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা পেলেন খেলোয়াড়রা।