চার ক্রিকেটারের জরিমানা

চট্টগ্রাম টেস্টে জরিমানা গুণতে হল বাংলাদেশ ক্রিকেট দলের চার খেলোয়াড়কে। এই তালিকায় অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়াও আছেন মমিনুল হক, মার্শাল আইয়ুব ও এনামুল হক বিজয়। আইসিসির কমার্শিয়াল রাইটস না মানায় তাদেরকে এই জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। জানা গেছে, ব্যাট-প্যাড এবং গ্লাভসে একটির বেশি বিজ্ঞাপন ব্যবহার করার নিয়ম না থাকলেও চারজনই একাধিক বিজ্ঞাপন ব্যবহার করেছেন। তাই এই চার ক্রিকেটারের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেয়া হবে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। চট্টগ্রাম টেস্টের উদ্বোধনী দিনেই এ ব্যাপারে তাদের সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু তাদের কেউই বিষয়টিতে গুরুত্ব দেননি। ফলে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন বিজয়, মমিনুল এবং মার্শালের নামে জরিমানার চিঠি ইস্যু করেন ম্যাচ রেফারি। গত শনিবার চিঠি পান মুশফিক। চারজন ক্রিকেটারের উপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তাদের জরিমানা ধার্য করা হয়। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।