সংবাদ সংক্ষেপ

গৌরীপুরে বিএনসিসির ট্রাফিক নিয়ন্ত্রণ সপ্তাহ পালন গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্টের উদ্যোগে শারদীয় দুর্গোত্সব ও ঈদুল আযহা উপলক্ষে সপ্তাহব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করে। গৌরীপুর শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক সিগন্যাল, গাড়ির সাইট, রং ব্যবহার, পতাকা উড়ানো পদ্ধতি বিষয়ে ব্রিফিং করেন সাবেক সার্জেন্ট মোঃ রইছউদ্দিন, সিইউও আল ইমরান মুক্তা, সার্জেন্ট মোঃ সারোয়ার হোসেন, ক্যাডেট কর্পোরাল মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফয়সাল আহাম্মেদ। ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল রবিবার ধামরাইয়ের কায়েতপাড়ায় সার্বজনীন পূজামণ্ডপে সর্বস্তরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসূফ হারুন, ইউএনও আসাদুজ্জামান, ওসি আব্দুর রশীদ, এসি (ল্যান্ড) রেহেনা আক্তার প্রমুখ। চরভদ্রাসনে বিএনপি নেতার মতবিনিময় চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলা বিএনপির পার্টি অফিসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ভাঙ্গা উপজেলার এম.এম. শাহারিয়ার রুমী। উক্ত সভায় থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মাদ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মোতাজ্জেল মৃধা, ভাঙ্গা উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, সহ-সভাপতি ইলিয়াস বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান। মুরাদনগরে শিশু ছাত্রীকে অপহরণ, ২ জন গ্রেফতার মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার এক ছাত্রীকে (৭) অপহরণের অভিযোগে পুলিশ গত রবিবার রাতে মাহুতিকান্দা গ্রামের সাধন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১৩) ও নোয়াগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে রাজ্জাক মিয়াকে (৪০) গ্রেফতার করেছে। তাদেরকে গতকাল সোমবার কুমিল্লার কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে। শনিবার কামাল্লা গ্রামের ইদ্রিস মোল্লার দোকানে যাবার পথে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে অপহূতার পিতা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। ধামরাই কমিউনিটি ক্লিনিক উদ্বোধন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত রবিবার উপজেলার বালিয়া, আমতাসহ অন্যান্য ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। শনিবারেও উপজেলার বাসনা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র চক্রবর্তী প্রমুখ। গোবিন্দগঞ্জে হামলায় আওয়ামী লীগ নেতা আহত গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার রাতে দুর্বৃত্তদের হামালায় তাপস মোহন্ত নামের এক ইউ,পি সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি ফুলবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নিজ গ্রাম শাকপালা পূজা মন্দিরে যাওয়ার সময় দুবৃর্ত্তরা ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামালা চালালে তিনি গুরুতর আহত হন। থানার অফিসার ইনচার্জ সেখ দেলোয়ার হোসেন বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হামালা হয়েছে বলে তাপসের পারিবারিক সূত্র জানিয়েছে। চিতলমারীতে ব্র্যাকের উদ্যোগে কৃষক মাঠ দিবস বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদাতা \ ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় ফকিরহাট উপজেলায় ৫টি ইউনিয়নের ৭টি ব্লকের মাধ্যমে ব্র্যাকের আর্থিক সহযোগীতার ২শ একর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। মূলঘর ইউনিয়নের মোড়লডাঙ্গা ব্লকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষক মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোতহার হোসেন, এ,এফ,এস,পি ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ সরকার, ব্র্যাক কৃষিবিদ মোঃ হানিফ উদ্দিন, ফকিরহাট উপজেলা ব্যবস্থাপক মোঃ আবু হাসান, সাংবাদিক শেখর ভক্ত। রায়পুরের মেঘনায় ৮ জেলে আটক রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ গত রবিবার ও সোমবার দুইদিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে রায়পুর উপজেলা টাস্কফোর্স ৮জন জেলেকে আটক করেছে। এসময় ৩টি মাছ ধরা নৌকা, ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম আটককৃত জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করে। উল্লেখ্য যে, ১৩ অক্টোবর হতে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ রক্ষায় মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। কালীগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে গত রবিবার ভোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। জানা যায়, পুলিশ গোপন সংবাদেরভিত্তিতে ভোর ৫টায় তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসূতী গ্রামে কনকের মুরগির ফার্মের একটি ঘর থেকে এএসআই মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, ইয়াবা ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম ও ইমরান হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে র্যাব ও পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় তারা অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মহেশপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক মহেশপুর (সংবাদদাতা) \ ঝিনাইদহ উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে মিন্টু হোসেন (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে ১টি শার্টার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে বড়বাড়ি গ্রামের রফিকুল ইসলাম দুদুর ছেলে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি হারুন অর রশিদ জানান, গোপন সংবাদেরভিত্তিতে তারা আজ ভোর ৪টায় জেলার মহেশপুর উপজেলা বড়বাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা মিন্টুকে উল্লেখিত মালামালসহ আটক করে। ময়মনসিংহের বিনায় গামা সোর্স মেশিন উদ্বোধন ময়মনসিংহ সংবাদদাতা \ শনিবার ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বিশিষ্ট বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়াম এবং বিভিন্ন ফসলের জাত নির্ধারণ ও উন্নত গবেষণার জন্য গামা সোর্স মেশিন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। উদ্বোধন শেষে ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এম এ সাত্তারের সভাপতিত্বে গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। নবীনগরে শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প মহড়া নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত রবিবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীদের ভূমিকম্পে করণীয় সম্পর্কে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কম্প্রিহেনসিভ জিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি ২)-এর আওতায় মহড়াটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম, ডাক্তার মোঃ সাদেক মিয়া, প্রকল্প কর্মকর্তা মাহাবুব আলম প্রমুখ। কচুয়ায় অবৈধ ইলিশ রাখায় ব্যবসায়ীর জরিমানা কচুয়া(চাঁদপুর) সংবাদদাতা \ কচুয়া উপজেলার রহিমানগর বাজারে গত রবিবার সন্ধ্যায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহাগ নামে ইলিশ মাছ ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ ব্যবসায়ীর ৫শ’ থেকে ৭ শ’ গ্রাম ওজনের ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করে গর্তে ফেলে দিয়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন। ঈশ্বরগঞ্জের সিনেমা হলে ৮ যুবক-যুবতীর কারাদণ্ড ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি মিষ্টি টকিজ সিনেমা হলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার শনিবার রাতে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। গত রবিবার সাজাপ্রাপ্তদের ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি কামরুল ইসলাম জানান। আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ সিনেমা হলে অসামাজিক কাজ চলছিল। দিরাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে পানি না থাকায় দুর্ভোগ দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা \ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ টিউবওয়েলে পানি উঠছে না। পানি না পাওয়ায় ভর্তি রোগী ও হাসপাতাল কোয়ার্টারের স্টাফরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। রোগীর স্বজনদের মাঝেও রয়েছে ক্ষোভ। গত রবিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভর্তি রোগীর সাথে কথা বলে তাদের সীমাহীন দুর্ভোগ ও ক্ষোভের কথা জানা গেছে। টিউবওয়েল চালকের দায়িত্বে থাকা অনুকুল দাস বলেন, চেক বাল্ব নষ্ট হয়ে পড়ায় পানি উঠছে না, এতে শুধু রোগীই নয়, আমরাও দুর্ভোগ পোহাচ্ছি্। মুন্সীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে ২ বাস যাত্রী মুন্সীগঞ্জ প্রতিনিধি \ রবিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া পাখি পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই বাসযাত্রী সর্বস্ব হারিয়েছেন। পরে অচেতন অবস্থায় মহাসড়কের পাশ থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাসযাত্রী অহিদ ও অলিউল্লাহকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। পরে বিকেল ৩টার দিকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । কুমিল্লায় আনসার ও ভিডিপিতে কম্পিউটার প্রশিক্ষণ কুমিল্লা প্রতিনিধি\ গত রবিবার কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ শিবিরে স্থাপিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর উদ্যোগে ৩ সেপ্টেম্বর, ২০১৩ হতে ১৩ অক্টোবর, ২০১৩ পর্যন্ত মোট ৪২ দিন মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ শাহ্বুদ্দিন। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুন্ট্যান্ট মোঃ নুরুল আবছার চৌধুরী। নেত্রকোনায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে সংলাপ নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার আটপাড়া উপজেলা পাবলিক হল মিলনায়তনে ‘শিক্ষা ও স্বাস্থ্য’ বিষয়ক এক পর্যালোচনা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর ‘প্রদীপ’ কর্মসূচির আওতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘দেশ’ প্রকল্পের উদ্যোগে গঠিত উপজেলা পাবলিক পলিসি ফোরামে পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মঞ্জুর কাদের কোরাইশী। মাদারীপুরে গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গতকাল রবিবার পুরস্কার বিতরণ করা হয়। গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুনিয়র লাইব্রেরিয়ান রেবেকা সুলতানা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ও সরকারি নাজিমউদ্দিন কলেজের বাংলা বিভাগের প্রধান মিয়া আব্দুল হালিম। কুমিল্লায় চেষ্টা’র ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় সামাজিক সংগঠন ‘চেষ্টা’-এর উদ্যোগে গতকাল রবিবার ৬ শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে তৈল, পিঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা, পোলাও চাল, আটাসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. মোস্তফা আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ইমদাদুল হক চৌধুরী প্রমুখ। স্বরূপকাঠিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে গরিব রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাজবাড়ি দুর্গামন্দির কমিটি আয়োজিত মন্দির চত্বরে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার (মেডিসিন) ডা. রতন কুমার ঢালী, মেডিক্যাল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল, সহকারি রেজিষ্টার (সার্জারী) ডা. সৌরভ সুতার, পিরোজপুরের ডায়াবেটিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সঞ্জিব মন্ডল রোগী দেখেন এবং ব্যবস্থ পত্র প্রদান করেন। ঈশ্বরগঞ্জে দুস্থদের মাঝে টিন বিতরণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত রবিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদ সদস্য আব্দুছ ছাত্তার ৬৭ জন দুস্থদের মাঝে ৮৯ বান্ডেল ঢেউটিন এবং নগদ ২ লাখ ৭৭ হাজার টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার ভূমি রাসেল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, পিআইও আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহ্ববুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুছ ছাত্তার প্রমুখ। ঈশ্বরগঞ্জে যুদ্ধদিবস পালিত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুদ্ধদিবস উপলক্ষে শোক র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে ১৩ অক্টোবর এদিনে ঈশ্বরগঞ্জে সম্মুখযুদ্ধে পাক-হানাদারদের হাতে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা খালেক, মান্নান, মতিন, শামছু, তাহের, দুলাল ও হাতেম। গত রবিবার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে শোক র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুছ ছাত্তার, উপজেলা চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার প্রমুখ। রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাট রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাণ্ডিমার্কেট ত্রিশকাহিনা এলাকায় গত রবিবার আব্দুল আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় বাধা দেয়ায় মাসুম, সেলিনা, সীমা আক্তার, আব্দুল আলীকে পিটিয়ে আহত করে। জানা যায়, উপজেলার ত্রিশকাহিনা এলাকার জুয়েল, রুবেল ও ফারুকের নেতৃত্বে ৭ থেকে ৮জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলা চালায়। এ সময় ঘরে থাকা ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট লুটে নেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সোনাতলায় ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোনাতলা সদর ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড কমিটি গত রবিবার গঠন করা হয়েছে। মাহমুদুল হাসান মামুনকে সভাপতি, রায়হান মোস্তাফাকে সাধারণ সম্পাদক ও মুরাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় এবং পলাশ রহমানকে সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উজ্জল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক পাভেল আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়। রায়গঞ্জে ২ দিনে ১১টি গ্রামে বিদ্যুতায়ন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিপবিসের গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ২ দিনে রায়গঞ্জের ৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ১১টি গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। এতে প্রায় ৪ হাজার মানুষ দীর্ঘকাল পর আলোকিত হলেন। গত রবিবার ও শনিবার ২দিনে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির (সিপবিস) প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিপবিস’র সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ। স্ব স্ব ইউনিয়ন আ’লীগ সভাপতিগণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা। ত্রিশালে জাতীয় পার্টির ওয়ার্ড প্রতিনিধি সভা ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে গত রবিবার উপজেলা জাতীয় পার্টির ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। ত্রিশাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মণ্ডল,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ, অ্যাডভোকেট আব্দুল বারী,সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন প্রমুখ। ছোট মহেশখালীতে ছাত্রলীগের কমিটি মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ মহেশখালী উপজেলা শাখার আওতাধীন ছোট মহেশখালীর ইউনিয়ন শাখার নিষ্ক্রীয় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে মহেশখালী উপজেলা ছাত্রলীগ। গত রবিবার উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা ছাত্রলীগের কমিটি কর্তৃক ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের ২মাস মেয়াদী নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে রিয়ানুল ইসলাম মঈন শিকদারকে আহবায়ক , মোঃ ইমরান উল্লাহ, মোঃ তারেক আজিজ, আব্দুস সামাদ, আনিসুল ইসলাম সাজ্জাদ, কোনাল দে, মোঃ ইসহাক, মহিবুল্লাহকে যুগ্ম আহবায়ক ,অসিম কুমার দে, আবু তাহের ও মুজাহিদুল ইসলামকে সদস্য করে কমিটি অনুমোদন করেছেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম আব্দুল মান্নান। রায়পুরের শ্রেষ্ঠ শিক্ষক আমির হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রায়পুর উপজেলার চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০১৩ নির্বাচিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পাঠদানে দক্ষতা, হোম ভিজিটের মাধ্যমে ছেলে-মেয়েদের বিদ্যালয় পরিত্যাগ রোধ করা, পাঠদানে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকাসহ সার্বিক মূল্যায়নেরভিত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক ২০১৩ নির্বাচিত করা হয়েছে। মুন্সীগঞ্জের ২ টি মন্দিরে বস্ত্র বিতরণ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের ২টি মন্দিরে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার জেলার লক্ষী নারায়ণ আখরা ও সুখবাসপুরের রামপাল মন্দিরে প্রায় ৫’শতাধিক দুস্থ ব্যক্তির মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, অভিজিত দাস ববি প্রমুখ। চাটমোহরের হাইস্কুলে অভিভাবক নির্বাচন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার কাটেঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ শাহিন হোসেন, মোঃ শাহিনুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও লাভলী খাতুন নির্বাচিত হয়েছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধিও নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন। জগন্নাথপুরে পৌর আওয়ামী লীগের কমিটি জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শুধাংসু শেখর রায় বাচ্চুকে আহবায়ক ও হাজী মোঃ সফিক আলী ভুইয়া, দিলদার হোসেন দিলা, লুত্ফুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং পৌর কাউন্সিলর আবাব মিয়াকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।