সিলেট বিভাগীয় স্টেডিয়াম

কাজ শেষের মেয়াদ বাড়লো আরেক দফা

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজ শেষ করার মেয়াদ ২৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে গতকাল সিলেটের ক্রীড়ামোদীদের বেশ উদ্বেগে দিন কাটলেও শেষ পর্যন্ত তারা হাঁফ ছেড়ে বাঁচেন। ফলে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হওয়ার সম্ভাবনা এখনো জিইয়ে থাকলো। গতকাল ছিল আইসিসির তরফে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজের অবস্থা পর্যবেক্ষণের চূড়ান্ত দিন। তাই ক্রীড়া সংশ্লিষ্টরা উদ্বেগের মধ্যে ছিলেন। এখন আইসিসি পরিদর্শকরা সরেজমিনে দেখে মেয়াদ বাড়ানোয় তারা হাঁফ ছেড়ে বাঁচলেন। সিলেটবাসী তাদের বিভাগীয় স্টেডিয়ামকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর হিসাবে দেখতে চায়। কিন্তু স্টেডিয়ামের কিছু কাজ বাকি থাকায় ২৭ অক্টোবর চূড়ান্তভাবে ভেন্যু পরিদর্শন করতে আইসিসি দল সিলেটে আসবে। আর সেদিনই হবে চূড়ান্ত ভেন্যু পরিদর্শন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠা সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শনে গতকাল সকালে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলীর নেতৃত্বে আট সদস্যের মাঠ পরিদর্শক দল আসে স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা দেখতে। এটি ছিল তাদের পঞ্চম পরিদর্শন। পরিদর্শক দল দেখেছেন যে তাদের দেয়া গাইড লাইন অনুযায়ী কাজ হয়েছে কিনা। উইকেট, মাঠ, নির্মাণাধীন গ্রান্ড স্ট্যান্ড, প্রেস বক্স, গ্যালারি ও ফ্লাড লাইটসহ বিভিন্ন কাজের অগ্রগতি দেখেন তারা। ভেন্যুর সংস্কার নিয়ে আইসিসির প্রথম দফায় সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু ১ অক্টোবর আইসিসির মাঠ পরিদর্শক দল যখন স্টেডিয়াম পরিদর্শনে আসে সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অতিরিক্ত ১৫ দিন সময় নিয়েছিল স্টেডিয়ামটিকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসাবে গড়ে তুলতে। এখন আইসিসির মাঠ পরিদর্শক দলের পরবর্তী সফরের উপর নির্ভর করছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর জন্য সবুজ সংকেত পাবে কিনা। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলী স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কাজের অনেক অগ্রগতি হয়েছে। স্টেডিয়ামের অনেক পরিবর্তন হয়েছে সর্বশেষ পরিদর্শনের তুলনায় । তবে আরও কিছু কাজ বাকি রয়েছে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ নিতে। বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেন, আইসিসি তাদের রুটিন ওয়ার্ক হিসাবে এসেছে স্টেডিয়াম পরিদর্শন করতে। গত মাসের তুলনায় কাজের অনেক অগ্রগতি হয়েছে। তিনি এই অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের এই কাজের অগ্রগতি ধরে রাখতে হবে। আমি মনে করি যদি কাজের এই অগ্রগতি ধরে রাখি তবে খেলা অবশ্যই হবে।’ বর্তমানে বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের সাথে ৬ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে কিনা জানতে চাইলে বিসিবির এই পরিচালক বলেন, ‘আইসিসির ম্যাচ রেফারি আসবেন মাঠ দেখতে। তখন জানা যাবে ম্যাচ হবে কিনা।’