কিশোরগঞ্জে ঈদের আগে ১২ হাজার পরিবার ভিজিএফের চাল পাচ্ছে না
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৫৫
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানদের দ্বন্দ্বের কারণে ঈদুল আজহার আগে ১২ হাজার ৮৩টি কার্ডধারী হতদরিদ্র পরিবার ভিজিএফের চাল পাচ্ছে না। এতে করে এসব পরিবারে ঈদ আনন্দের কোন ছোঁয়া লাগেনি। দুর্নীতি, অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ইউএনও সুব্রত পালের অপসারণ দাবি করে বিগত কয়েক মাস ধরে রশিদাবাদ, লতিবাবাদ, মহিনন্দ, বৌলাই, মারিয়া, বিন্নাটি ও চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকাবাসী মানববন্ধনসহ নানা আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে।
গত ৯ অক্টোবর ইউএনও স্বাক্ষরিত এক চিঠিতে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ১২০ টন ৮৩০ কেজি চাল সংগ্রহ করার জন্য সাত ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়। কিন্তু চেয়ারম্যানরা চালের ডিও গ্রহণে অপারগতা প্রকাশ করায় গত ১৩ অক্টোবর ৭ ইউনিয়নের সচিবদেরকে চাল সংগ্রহের জন্য নতুন করে চিঠি প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল জানান, চেয়ারম্যানরা চাল উত্তোলনের উদ্যোগ না নেয়ায় মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশে তিনি ইউপি সচিবদের নামে চিঠি দিয়েছেন। কিন্তু সচিবদেরকে চেয়ারম্যানরা হুমকি দেন। হুমকির মুখে সচিবরাও চাল উত্তোলন করতে পারেননি বলে তিনি জানান।