মালয়েশিয়া আদালতের রায়

‘আল্লাহ’ শব্দটি কেবল মুসলিমরাই ব্যবহার করতে পারবে

মালয়েশিয়ার একটি আদালত তাদের এক রায়ে বলেছে, ‘আল্লাহ’ শব্দটি কেবল মুসলমানরাই ব্যবহার করতে পারবে, অমুসলিমরা নয়। বিচারিক আদালতের একটি রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে গতকাল সোমবার উচ্চতর একটি আদালত এই রায় দেয়। খবর বিবিসির। আরবি থেকে ‘আল্লাহ’ শব্দটি মালয় ভাষায় এসেছে এবং এই শব্দটি সব ধর্মের মানুষই ব্যবহার করে আসছিল। ২০০৯ সালে মালয়েশিয়ার সরকার এক আদেশে ক্যাথলিকদের সংবাদপত্র দ্য হেরাল্ডকে খ্রিস্টানদের স্রষ্টা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে বিচারিক আদালতে নিজেদের পক্ষে রায় পায় খ্রিস্টান সম্প্রদায়। ওই রায় নিয়ে সৃষ্ট দাঙ্গায় বেশ কয়েকটি মসজিদ ও গির্জা পোড়ানোর ঘটনা ঘটে। এরপর রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের রায়ে বিচারক মোহাম্মদ আপান্দি আলী বলেছেন, স্রষ্টাকে আল্লাহ সম্বোধন করা খ্রিস্টান ধর্মীয় রীতিতে অত্যাবশ্যকীয় নয়। এর ব্যবহারে (খ্রিস্টানরা ব্যবহার করলে) বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থেকে যায়। তবে আদালতের এই রায়ে হতাশা প্রকাশ করেছে মালয়ভাষী খ্রিস্টান সমপ্রদায়।