কারাগারে ভিআইপিদের ঈদ উদযাপন

বিভিন্ন মামলায় গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী, এমপিসহ ১৪ জন কারাগারে ঈদ উদযাপন করবেন। ঈদে সাধারণ বন্দীদের জন্য বরাদ্দ করা বিশেষ খাবারই তাদের জন্য বরাদ্দ থাকছে। এছাড়া তারা ঈদের দিন তাদের নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারবেন। এদিন নিকট আত্মীয়দের কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবেন তারা। কারা অধিদফতরের একটি সূত্র জানায়, সারাদেশে ৬৯টি কারাগারে প্রায় ৪০ হাজার বন্দীর জন্য ঈদের দিন উন্নত খাবার পরিবেশন করা হবে। বন্দীদের জন্য ঈদের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ভিআইপি বন্দীরা সাধারণ বন্দীদের সাথে ঈদের নামাজ আদায় করবেন। কাশিমপুর কারাগারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, নাটোর জেলা কারাগারে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক এমপি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ঈদ উদযাপন করবেন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে ঈদ উদযাপন করবেন। সাবেক মন্ত্রী জামায়াতে ইসলামীর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নারায়ণগঞ্জ কারাগারে ঈদ উদযাপন করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ঈদ উদযাপন করবেন মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম ও জামায়াতে ইসলামীর গোলাম আযম। ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা ঈদ উদযাপন করবেন কাশিমপুর কারাগারে। কারাসূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ঈদ উদযাপন করবেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরোয়ার কারাগারে ঈদ উদযাপন করবেন।