আলোচনার জন্য বিএনপিকে আরেকবার সুযোগ দেয়া উচিত : সুরঞ্জিত

সমঝোতার মাধ্যমে নির্বাচনের জন্য প্রধান বিরোধী দল বিএনপিকে আরেকবার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, নির্বাচনের মাঠ কীভাবে সমতল করা যায়, সেই আলোচনার জন্য বিএনপিকে আলোচনায় বসার আরেকটি সুযোগ দেয়া উচিত। এরপরও যদি তারা নির্বাচনে না আসে, তবে অন্য কোন পন্থায় নয় সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। আমি মনে করি, এবার খালেদা জিয়ার উপলব্ধি হবে। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) এক আলোচনায় তিনি এ কথা বলেন। গত রবিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান, আগামী ২৪ অক্টোবরের পর নবম সংসদের চলতি অধিবেশন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। এই পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর পতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিন। সমস্ত বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে বিভ্রান্তি কেটে যাবে। তার ভাষণে বিএনপি’র অপপ্রচার, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বিরক্তিকর বক্তব্য সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হবে। তিনি মনে করেন ২৫ জানুয়ারির আগে সংসদ ভাঙতে হলে দুই দলকে একমত হতে হবে। তিনি বলেন, সংসদ যদি ভাঙতে হয় তাহলে দুই দলকে একমত হতে হবে। না হলে ভাঙার পর নির্বাচন; আর বাতিল করলে আরো তিনমাস পরে নির্বাচন। বিডিনিউজ২৪ডটকম এর প্রতিবেদনে বলা হয়, সংসদ চলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, “গতকাল (রবিবার) দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাতে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে তা আরো পরিষ্কার হবে।