অর্থনীতিতে নোবেল ৩ মার্কিনীর
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৪৫
অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অধ্যাপক। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল সোমবার অর্থনীতির নোবেল বিজয়ী হিসাবে ইগুইন এফ ফেমা, লার্স পিটার হ্যানসেন ও রবার্ট জে শিলারের নাম ঘোষণা করে। সম্পদ মূল্যের প্রায়োগিক বিশ্লেষণ দেওয়ার জন্য তাদের সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়। এদের দেওয়া তত্ত্বের ভিত্তিতে পুঁজিবাজার সম্পর্কে নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া যাবে। খবর বিবিসি ও রয়টার্সের।
নোবেল কমিটি জানিয়েছে, সম্পদের মূল্য বোঝার ক্ষেত্রে এ তিনজন আলাদাভাবে অবদান রেখেছেন। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন অধ্যাপক পূর্বাভাস মডেলের ভিত্তিতে পুঁজিবাজারের আচরণ সম্পর্কে আমাদের আজকের ধারণা তৈরি হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেমা ১৯৩৯ সালে বোস্টনে জন্ম গ্রহণ করেন। ১৯৬০ এর দশকে তিনি দেখিয়ে দেন, যে কোনো নতুন খবর তাত্ক্ষণিকভাবে শেয়ারের দামে প্রভাব ফেলে। ফলে কয়েক দিন বা সপ্তাহের ভিত্তিতে শেয়ারের দাম নিয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব। ফেমার ফলাফল পরবর্তী গবেষণার জন্য খুবই গভীর প্রভাব ফেলেছে এবং বাজারের চরিত্রে পরিবর্তনও এনেছে।
কিন্তু ১৯৪৬ সালে ডেট্রয়েটে জন্ম নেয়া ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট শিলার ১৯৮০ এর দশকে জানালেন, শেয়ারের দাম যতো দ্রুত বদলায়, কর্পোরেট ডিভিডেন্ডে ততো পরিবর্তন আসে না। শেয়ারের দাম ও ডিভিডেন্ডের অনুপাত বিচার করে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের পথ দেখালেন তিনি। করপোরেট লভ্যাংশের চেয়ে স্টক প্রাইজের ওঠা-নামা খুব বেশি নয়। এরপর অধ্যাপক পিটার হ্যানসেন একটি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি তৈরি করলেন, যার মাধ্যমে সম্পদমূল্য হিসাব করার তত্ত্বগুলো যাচাই করা যায়। হ্যানসেন ও তার সহযোগীরা দেখতে পেলেন, প্রচলিত তত্ত্বগুলো একটু বদলে নিলেই শেয়ার ও বন্ডের দাম সম্পর্কে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া সম্ভব। ১৯৫২ সালে জন্ম নেয়া হ্যানসেন বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। পুরস্কার বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) ভাগ করে নেবেন এই তিন অধ্যাপক।