শোলাকিয়ায় ঈদের নামাজ সকাল ৯টায়
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৪৭
জেলা সদর সংলগ্ন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় পবিত্র ঈদুল আজহার নামাজ শুরু হবে সকাল ৯টায়। এবছর অনুষ্ঠিত হবে ১৮৬তম জামাত। শোলাকিয়া ঈদগায়ের ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ৫ মিনিট আগে দুইটি এবং ১ মিনিট আগে একটি শটগানের গুলি ছুঁড়ে জামাতের প্রস্তুতির সংকেত দেয়া হবে।
পবিত্র ঈদুল ফিতরে উপমহাদেশের সর্ববৃহত্ জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহে। তবে এই ঈদে কোরবানির কারণে মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। নামাজ শেষে কোরবানি দেয়ার রেওয়াজের কারণে দূর-দূরান্তের মুসল্লির উপস্থিতি থাকে খুবই কম। তবুও জেলার বিভিন্ন উপজেলা ও সংলগ্ন জেলাগুলো থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। রেলওয়ে ঈদের দিন মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন ভৈরব থেকে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চালুর ব্যবস্থা করেছে। তাছাড়াও বাস-মাইক্রোসহ বিভিন্ন যানবাহনে এসে মুসল্লিরা ঈদের জামাতে শরীক হবেন। জামাতে ইমামতি করবেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে ঈদগা কমিটি, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সামগ্রিক প্রস্তুতিসহ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।