ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে আজ

ভারতের অভাবনীয় জয়

রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভাবনীয় জয় পেয়েছে ভারত। সফরকারীদের ছুঁড়ে দেয়া ৩৬০ রানের টার্গেটে খেলতে নেমে সহজেই ৯ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিক ভারত। আজ মোহালিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ইনিংসের শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানরা অসি বোলারদের বেধড়ক পেটাতে থাকে। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় অস্ট্রেলিয়ার বোলিং। ভারতের ইনিংসের উদ্বোধন করতে আসেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শুরু থেকেই এই জুঁটি অস্ট্রেলিয়ার বোলারদের পাত্তা না দিয়ে মাত্র ২৬.১ ওভারেই ১৭৬ রানের জুঁটি করে তোলেন। ইনিংসের ২৭ তম ওভারের প্রথম বলে ধাওয়ান ব্যক্তিগত ৯৫ রান করে জেমস ফকনারের বলে আউট হয়ে যায়। ৮৬ বলে করা তার এই ইনিংসে ছিল ১৪ টি চারের মার। ধাওয়ান আউট হওয়ার পর অস্ট্রেলিয়ান শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করে। কিন্তু দ্বিতীয় উইকেট জুঁটিতে রোহিত শর্মার সঙ্গে ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির জুঁটি হতাশায় ডুবিয়ে দেয় সফরকারীদের। এই জুঁটি অস্ট্রেলিয়ার বোলারদের গলির বোলার বানিয়ে এনে ভারতকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেয়। দুই জনই সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। রোহিত শর্মা ১৭টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া বিরাট কোহলি আটটি চার ও সাতটি ছক্কার সাহায্যে মাত্র ৫২ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। এই জুটি মাত্র ১৭.২ বলে ১৮৬ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। এদিন বিরাট কোহলি ভারতের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেন। আগের রেকর্ডটি ছিল বিরেন্দর শেবাগের দখলে। তিনি ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ভারতের এই জয়টি তাড়া করতে নেমে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বিজয়। এর আগে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ৪৩৭ রানের স্কোরকে তাড়া করে জিতে ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জেমস ফকনার ভারতের একমাত্র উইকেটটি দখল করেন। এর আগে জয়পুরে অনুষ্ঠিত দিবারাত্রির এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই অসি দুই ওপেনার ফিন্স এবং হিউজ ঝড়ো ব্যাটিং শুরু করেন। ১৫.২ ওভারে জুঁটিতে ৭৪ রান সংগ্রহ করে ব্যক্তিগত ৫০ রান করে রানআউট হন ফিন্স। পরে শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে ১০৮ রানের কার্যকরী একটি পার্টনারশিপ গড়ে তোলেন হিউজ। ইনিংসের ৩২তম ওভারের শেষ বলে শেন ওয়াটসন ব্যক্তিগত ৫৯ রান করে আউট হয়ে যান। ৫৩ বলে সাজানো এই ইনিংসটিতে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। পরে হিউজকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক জর্জ বেইলি। শুরু থেকেই তিনি ভারতের বোলারদের তুলোধুনো করতে থাকেন। ব্যক্তিগত ৮৩ রান করে হিউজ আউট হয়ে গেলেও ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংসকে সাড়ে তিনশ ছাড়িয়ে নিয়ে যান বেইলি। বেইলির ব্যাটিংয়ের সময় ভারতের বোলারদের অসহায় লাগছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল সংগ্রহ করে ৫ উইকেটে ৩৫৯ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক বেইলি শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থাকেন। ৫০ বলে সাজানো তার ইনিংসে ছিল আটটি চার ও পাঁচটি ছক্কা। এছাড়া ম্যাক্সওয়েল সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৩ রান করেন। ভারতের পক্ষে বিনয় কুমার ৭৩ রানে দুটি উইকেট নেন। এছাড়া অশ্বিন একটি উইকেট নেন। আজকের ম্যাচে জয়ের ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনলো স্বাগতিক ভারত। ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাবটি জিতে নেন ভারতের ডানহাতি ওপেনার রোহিত শর্মা।