‘সময়টা খুব কঠিন’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২০:৩৪
পেস বোলারদের অভিষেকের জন্য বাংলাদেশ বা উপমহাদেশ কখনোই আদর্শ জায়গা নয়। তারপরও টিম সাউদির অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্ট দিয়ে যাত্রা শুরু হয়েছে কোরি অ্যান্ডারসনের। ক্যারিয়ারের একবারে শুরুতেই উত্তাপটাও টের পেয়েছেন মোমিনুল, সোহাগদের সামনে পড়া অ্যান্ডারসন।
গতকাল অনুশীলনশেষে নিজের অবস্থা, নিউজিল্যান্ড দলের অবস্থা নিয়ে কথা বললেন এবং পরিকল্পনার কথা শোনালেন সেই অ্যান্ডারসন—
ছুটিতে কী করলেন আপনারা?
গতকাল গলফ খেলেছি। একটু বাইরে বেড়াতে যেতে চেয়েছিলাম। বেশ মজা করেছি গতকাল। এই তিন দিনের ছুটিটা দরকার ছিল। প্রথম টেস্টটা আমাদের খুব কঠিন গেছে। ফলে এই তিন দিনের ছুটিতে আমরা নিজেদের খানিকটা রিফ্রেশ করে নিতে পেরেছি।
এখন দলের অবস্থা কী?
আমরা এখানে বেশ ভালো প্রস্তুতি নিয়েই এসেছিলাম। প্রথম টেস্ট খেলার জন্যও সবাই তৈরি ছিলাম। প্রথম টেস্টটা একটা সময় আমাদের নিয়ন্ত্রণেই ছিল। এখন আমরা দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি তৈরি।
দ্বিতীয় টেস্টের আগে আপনাদের প্রস্তুতি কেমন হল?
চট্টগ্রাম টেস্টের পর কয়েকটা ভালো দিন কাটিয়েছি আমরা। বেশ উন্নতি হচ্ছে বলে মনে হয়। কয়েকটা ভালো ট্রেনিং সেশন কাটিয়েছি। টেস্ট ম্যাচের আগে আরও কয়েকটা সেশন পাচ্ছি। এখন আমরা চাই, দ্বিতীয় টেস্টে মাঠে নেমে নিজেদের সেরাটা দেখিয়ে দিতে।
আপনার অভিষেক কেমন হল?
যা ভেবেছিলাম, প্রথম টেস্টটা তার চেয়ে অনেক কঠিন গেছে। আমি যে ধরনের নিবিড় খেলার সঙ্গে অভ্যস্ত, এখানে তার চেয়ে অনেক বেশি নিবিড়তা দরকার হয়। আমি বল করতে আসলাম, মানুষ চিত্কার শুরু করল। দেশে চার দিনের যেসব ম্যাচ খেলি, তার চেয়ে অনেক আলাদা ব্যাপার। খুব ভালো লেগেছে।
পেস বোলারদের জন্য এই কন্ডিশনে বল করাটা নিশ্চয়ই অনেক কঠিন?
এখানে যে কন্ডিশনে আমাদের খেলতে হচ্ছে, তার সঙ্গে নিউজিল্যান্ডের কন্ডিশনের কোনো মিল নেই। এখন তো এটা সামলাতেই হবে। যেহেতু আমাদের এটা এড়ানোর সুযোগ নেই, তাই আমরা দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য মুখিয়েই আছি।
এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য কি করছেন?
ধৈর্য ধরতে হবে। যতোটা কঠিন পরিস্থিতি, ততোটাই কঠিন হতে হবে। আমাদের ২০টা উইকেট নিতে হবে। আর সেটা করার জন্য আমাদের পরিকল্পনা আছে।
ব্যাটিংয়ে কেন উইলিয়ামসন দারুণ রানে আছেন। এটা নিশ্চয়ই স্বস্তির ব্যাপার?
কেন সবসময়ই অসাধারণ ব্যাটসম্যান। আশা করি, ও এখানেও প্রথম টেস্টের মতোই রান করবে। আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আছে। ফলে আমাদের এই সময়ে যার যার জায়গা থেকে সমর্থন দিতে হবে। এটা খুব ভালো ব্যাপার যে, টপ অর্ডার ভালো ফর্মে আছে।
উইলিয়ামসনের ব্যাটিং দলকে অনুপ্রাণিত করছে নিশ্চয়ই?
অবশ্যই। আমরা অবশ্য ভেবেছিলাম, ও প্রথম ইনিংসে ডাবল করবে। কিন্তু অদ্ভুত আউট হয়ে গেল। যাই হোক, ওর পারফরম্যান্স সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
আপনার নিজের কী অবস্থা?
আমি কেনসহ বাকিদের পারফরম্যান্স দেখে খুবই উত্সাহ পেয়েছি। আমি তো একেবারেই নতুন। তারা মাঠে পারফরম্যান্স করে যেন আমাকে বলে দিল যে, এভাবে কাজটা করতে জয়। যেন বললো, চেষ্টা করো তুমিও এরকম কিছু করতে পারবে।