ইরাকে বোমা হামলায় নিহত অর্ধশতাধিক

ইরাকজুড়ে বিভিন্ন হামলায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিয়া মুসলিম সমপ্রদায়ের। বৃহস্পতিবার দেশজুড়ে এসব হামলা চালানো হয় বলে পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে চরমপন্থি সুন্নিরা চলতি বছর শিয়া সমপ্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ইরাকসহ মধ্যপ্রাচ্যজুড়েই মুসলিম শিয়া ও সুন্নি সমপ্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই দুই সমপ্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে ১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যু হয়। এসব হামলার একটি চালানো হয় বাগদাদের কাছাকাছি একটি বিনোদন পার্কে। এতে ছয় শিশু মারা যায়। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইরাকের উত্তরাঞ্চলে মাওয়াফাকিয়া গ্রামে এক আত্মঘাতী ট্রাকবোমা হামলায় দেশটির সংখ্যালঘু শাহবাক সমপ্রদায়ের অন্ততপক্ষে ১৫ জন নিহত হন। তবে কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। কিন্তু নাইনভে প্রদেশে সুন্নি বিদ্রোহী জঙ্গিদের কার্যক্রম রয়েছে। এছাড়া অতীতে সুন্নিরা শিয়া শাহবাক সমপ্রদায়কে নানা ধরনের হুমকি দিয়েছে। মসুলের প্রাদেশিক পরিষদে শাহবাক সমপ্রদায়ের সাবেক প্রতিনিধি কুসে আব্বাস বলেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আত্মঘাতী জঙ্গি একটি ট্রাক নিয়ে এসে গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। তিনি আরো বলেন, বিস্ফোরণে বিধ্বস্ত বাড়িগুলোর নিচে এখনো কিছু মানুষ আটকা পড়ে রয়েছেন। ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুন্নিসহ অন্যান্য ইসলামি জঙ্গি এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী হামলা চালিয়ে আসছে। আল-কায়েদার মতাদর্শে শিয়া মুসলিমদের প্রকৃত মুসলমান হিসেবে স্বীকার করা হয় না। তাদের ‘অবিশ্বাসী’ বলে বিবেচনা করা হয়। চলতি বছরে দেশটিতে ৬ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন সহিংসতায় প্রাণ হারিয়েছে।