ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৭২

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকালে এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ বোহলে। বেশিরভাগ হতাহতের ঘটনাও ওই দ্বীপেই ঘটেছে। ভূমিকম্পে বোহল দ্বীপের কয়েকটি ভবন ও বিপণী বিতান ধসে পড়েছে। কয়েকটি পুরনো চার্চও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ম্যানিলা থেকে চারশ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেবু প্রদেশের কাছাকাছি ওই দ্বীপ থেকেই ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে একটি মাছের বাজারের ভবন ধসে। কেবু প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান নেইল সানচেজ জানান, একটি স্কুল ভবন ধসে পড়ার খবরও তারা পেয়েছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব স্থানে ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে বেশি (রিং অব ফায়ার) ঠিক সেখানেই ফিলিপাইনের অবস্থান। ফলে পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।