জাতিসংঘের নিরাপত্তা
পরিষদে নতুন পাঁচ
অস্থায়ী সদস্য
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:১২
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ দু’বছর মেয়াদের জন্য নতুন সদস্যপদ লাভ করেছে। দেশগুলো হচ্ছে : চাদ, চিলি, লিথুনিয়া, নাইজেরিয়া এবং সৌদি আরব। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ ওই দেশগুলোকে নতুন অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত করে। নতুন এই পাঁচটি দেশ তাদের কার্যক্রম শুরু করবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। এর আগে এই স্থানে ছিল আজারবাইজান, গুয়াতেমালা, মরক্কো, পাকিস্তান এবং টোগো। নতুন ওই পাঁচটি দেশ তাদের স্থলাভিষিক্ত হবে। এসব সদস্যই সাধারণ পরিষদের গোপন ব্যালটে একক রাউন্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সাধারণ পরিষদের সভাপতি জন উইলিয়াম অ্যাসে বলেন, নির্বাচিত দেশগুলোর মধ্যে চাদ ১৮৪ ভোট, সৌদি আরব ১৭৬ ভোট, লিথুনিয়া ১৮৭ ভোট এবং নাইজেরিয়া ১৮৬ ভোট পেয়েছে। এর মধ্যে চাদ, সৌদি আরব এবং লিথুনিয়া কখনোই এই শক্তিশালী পরিষদের সদস্য হতে পারেনি। তবে নাইজেরিয়া এবং চিলি চারবার এর আগে সদস্যপদ লাভ করতে পেরেছিল। এ সদস্যপদ লাভ করতে একটি দেশকে সাধারণ পরিষদের মোট ১৯৩ সদস্যের মধ্যে কমপক্ষে দু’তৃতীয়াংশ বা ১২৯ ভোট পেতে হয়। নিরাপত্তা পরিষদে মোট ১০টি অস্থায়ী ও ৫টি স্থায়ী সদস্য রয়েছে। প্রতিবছর অক্টোবরে এই অস্থায়ী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়।