ফুলবাড়ি সরকারি কলেজের জমি উদ্ধার হচ্ছে না

প্রশাসনের সহযোগিতার অভাবে দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের বেদখল হওয়া মূল্যবান জমি-জমা উদ্ধার করা যাচ্ছে না। বেদখল হওয়া জমি উদ্ধারের তত্পরতা চালাতে গিয়ে অবৈধ দখলদারদের হুমকির শিকার হচ্ছেন শিক্ষকেরা। কলেজ কর্তৃপক্ষ বলছেন, কলেজের প্রায় ১৯ একর জমির প্রয়োজনীয় কাগজপত্র, খাজনা খারিজ থাকলেও দখলে আছে মাত্র ১২ থেকে ১৩ একর জমি। বাকিটাই বেদখল হয়ে গেছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই সরকারি কলেজটির মোট জমি প্রায় ১৯ একর। এর মধ্যে কলেজ ক্যাম্পাসে রয়েছে প্রায় ১২ একর, কলেজ সংলগ্ন এলাকায় প্রায় ৬ একর এবং উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় ৯৭ শতাংশ জমি রয়েছে। এগুলোর মধ্যে কলেজ ক্যাম্পাস ছাড়া অন্য সব জমি বেদখল হয়ে গেছে। কিন্তু প্রশাসনের সহযোগিতার অভাবে অবৈধ দখলে যাওয়া জমিগুলো উদ্ধার করা যাচ্ছে না। কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার দেব বলেন, শিক্ষকদের নিয়ে জমি উদ্ধার কমিটি করা হয়েছে। জমিগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।