শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৪
সরকার যখন সারাদেশে গ্যাস দিতে হিমশিম খাচ্ছে সরকার বছরের পর বছর ধরনা দিয়েও গ্যাস পাচ্ছে না। তখন শ্রীপুরের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আনসার রোড এলাকায় অবৈধভাবে ঠিকাদারের সাথে হাত করে গ্যাস সংযোগের হিড়িক চলছে। অবৈধ সংযোগদানকারী সংঘবদ্ধ দালাল ও চোরচক্র ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অবৈধ সংযোগ চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড় হতে শ্রীপুর সড়কের আশপাশের এলাকায়। স্থানীয় গ্যাস চোরচক্র ও তিতাস গ্যাস কর্মচারীদের যোগসাজসে প্রায় অর্ধ সহস্রাধিক বাড়ি-ঘরে রাতের অন্ধকারে দুই দিকের রাস্তা বন্ধ করে রাস্তা খুঁড়ে স্থানীয় ঠিকাদার অবৈধভাবে সংযোগ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রহমত আলী জানান, চোর-বাটপারের স্থান আওয়ামী লীগে নেই। বিষয়টি তিনি জানেন না। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূইয়া জানান, গ্যাস চুরি বা সংযোগ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা তার এখতিয়ারে নেই। গাজীপুরের ভারপ্রাপ্ত ডি.সি শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।