দেশের বিভিন্ন স্থানে চারজনের অপমৃত্যু

নওগাঁ, চাঁদপুর মতলব দক্ষিণসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অপমৃত্যু হয়েছে। খবর দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতাদের। নওগাঁ নওগাঁয় শহরের দয়ালের মোড়ে গতকাল শুক্রবার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের ওয়ার্ডবয় শাহীন জানান, সকালে ছাদ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখেন এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কেউ আর কোন কথা বলেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) সুমীর সুত্রধর জানান, মৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাংকের ঋণের কাগজ পাওয়া গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মতলব দক্ষিণ (চাঁদপুর) মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে গত বৃহস্পতিবার প্রধানীয়া বাড়ীর আনিছ মিজির কন্যা রিপা আক্তার (১৬) নামে এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা যায়, রিপার সাথে একই এলাকার এক যুবকের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ঐ যুবক প্রেমের সম্পর্ক ছিন্ন্ন করলে রিপা তার বসতঘরের আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। হোসেনপুর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের হোসেনপুরে গত বৃহস্পতিবার সাদ্দাম হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার ধূলিহর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। পছন্দের পাত্রীকে বিয়ে না করানোর কারণে মা’র সাথে অভিমান করে বিষপান করে গুরুতর আহত হয়। এ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের পলশা এলাকায় গত বৃহস্পতিবার মহানন্দা নদী থেকে শ্রী নয়ন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার চক নারায়ণপুর গ্রামের শ্রী দিলিপ চৌধুরীর ছেলে।