সংবাদ সংক্ষেপ

ধামরাইয়ে যুবক সমিতির উদ্যোগে মঞ্চ নাটক ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের চারিপাড়া বারবারিয়া যুবক সমিতির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী কাদের মোল্লার পৃষ্ঠপোষকতায়, মোঃ আলতাফ হোসেনের পরিচালনায়, উদয় ভানু রচিত সামাজিক নাটক ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ হয়েছে ওই ক্লাবের মাঠে। ব্যবস্থাপনায় ছিলেন আলমগীর হোসেন ও বুলবুল। মুন্সীগঞ্জের মেঘনায় জাল ও মা ইলিশ আটক মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ সদর উপজেলার বকচরের কাছে মেঘনা নদী থেকে গত বৃহস্পতিবার বিকালে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮টি মা ইলিশসহ এক জেলেকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠিয়েছে গ্রেফতারকৃত জেলে শওকত শেখকে (৩৫)। সে নড়াইল জেলার লোহাগড়ার আনোয়ার শেখের পুত্র। বর্তমানে বকচরে বসবাস করছে। আটককৃত ইলিশগুলো এতিমখানায় পাঠানো হয়েছে। হোমনায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ২০১৩ সালে অনুষ্ঠিত উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ঘাগুটিয়া মোসলেহউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক। আঃ আজিজ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, মুসলেহউদ্দিন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা একে আজাদ প্রমুখ। ফেনীতে ছাত্র শিবিরের অবরোধ পরশুরাম ( ফেনী) সংবাদদাতা \ ফেনীতে ছাত্র শিবিরের শহর শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল আহসানকে গতকাল শুক্রবার শহরের শান্তি কোম্পানী সড়ক থেকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্র শিবির কর্মীরা সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় আতংকে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানারীপাড়ায় আওয়ামী লীগের মতবিনিময় বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌর আওয়ামী লীগের আহবায়ক সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহে আলম বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ বাঁচলে জনগণ ও দেশ বাঁচবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন, পৌর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম প্রমুখ। নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময় নেত্রকোনা প্রতিনিধি \ ঢাকা আইনজীবী সমিতির সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নেত্রকোনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম গতকাল শুক্রবার নেত্রকোনাস্থ স্থানীয় সুধীসমাজ, সাংবাদিক এবং দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির সমর্থক লোকজন এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মাগুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান মাগুরা প্রতিনিধি \ মাগুরা সদর উপজেলার ভাঙ্গুড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার বিকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। আবু জাফর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব লেঃ কর্নেল (অবঃ) এম. এ. হান্নান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা, বেরইল পলিতা ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী প্রমুখ। নাসিরনগরে শিক্ষার্থীদের সংবর্ধনা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি লিটন দেবনাথ। প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোঃ গাজীউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শফিকুর ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জের ৪ বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গজারিয়ার টেঙ্গারচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহসপতিবার ও শুক্রবার মতিন ডাক্তার ও গাফফার মেম্বারের পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় চারটি বসতঘরে অগ্নিসংযোগ, ৭টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বনপাড়া সেন্ট যোসেফ্স হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর (১৯৬৭-২০১৩) পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার প্রথমদিনে বিদ্যালয় চত্বরে রাজশাহী খ্রীষ্ট ধর্ম প্রদেশের ডিডি বিশপ জেভার্স রোজারিও’র সভাপতিত্বে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। দ্বিতীয় দিন আজ শনিবার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ফরিদপুরে টেলিটকের থ্রিজি নেটওয়ার্ক উদ্বোধন ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরে টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও নতুন বিএসসির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর সাথে মোবাইল ফোনে ভিডিও কলে কথোপকথন এর মাধ্যমে থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এতে উপস্থিত ছিলেন, টেলিটক বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদ-এর প্রশাসক কাজী জায়নুল আবেদীন প্রমুখ। শরীয়তপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় কারাদণ্ড শরীয়তপুর প্রতিনিধি \ ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরায় শরীয়তপুরের ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও ধ্বংস করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, জেলা মত্স্য কর্মকর্তা ও স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার এবং মত্স্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইগাতীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝািইগাতী উপজেলার শালচুড়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে গরু ব্যবসার লাভের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবেদা খাতুন মৌসুমী নুরুন্নাহারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তালায় কপোতাক্ষ খননের দাবিতে মানববন্ধন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ দ্রুত কপোতাক্ষ খনন করে নদ অববাহিকার অধিবাসীদের স্থায়ী জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করার দাবিতে গতকাল শুক্রবার সকালে তালা উপ-শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ ফোরামের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও জেএসডি কেন্দ্রীয় সদস্য মীর জিল্লুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা মো. আব্দুল হাকিম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান প্রমুখ। মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল শুক্রবার মনোহরদী উপজেলায় ‘‘সমৃদ্ধ দেশ গড়বে আলোকিত নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে মেধা যাচাই পুরস্কার বিতরণী ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শহিদুর রশিদ ভুঁইয়া। ঢাকাস্থ মনোহরদী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. হাদিউল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুর রহমান। হবিগঞ্জে দু’দলের সংঘর্ষে অর্ধশত আহত হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে গাছ চুরি করা নিয়ে দু’দলের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের আজমান মিয়ার বাড়ি থেকে গাছ ঈদের রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায়। আজমান মিয়া সন্দেহ করে একই গ্রামের জাহির মিয়া গাছটি চুরি করেছে। এ নিয়ে শুক্রবার সকালে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে সালিশে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভূঞাপুরে জোড়া খুনের আসামি গ্রেফতার ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ অবৈধ বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত জোড়া খুনের ঘটনার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ওরফে পাভেল কানাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার নিকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনপুরায় ইলিশ ধরায় সাত জন গ্রেফতার মনপুরা (ভোলা) সংবাদদাতা \ ভোলার মনপুরা উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ (অবরোধ কর্মসূচি)র অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় ৩টি ট্রলারের ৭ জেলেকে আটক ও ২৫ মিটার জাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মো. মহিউদ্দিন মাঝি(৩৫), আবদুর রহমান (২৭), আ. করিম (২৫), মো. ওয়ারেস (২৭), মো. ছালাহউদ্দিন (১৮), মো. মফিজ মাঝি (৩০), মো. ওসমান গনি (২৮)। এ সময় ৩টি ট্রলার থেকে প্রচুর ইলিশ জাল উদ্ধার করা হয়েছে। ৩টি ট্রলারের প্রায় আড়াই হাজার মিটার ইলিশ জাল উপজেলা পরিষদ মাঠে এনে পেট্রোল জ্বালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল বাকীর উপস্থিত পুড়িয়ে ফেলা হয়। আটক সাতজনের প্রত্যেককে রাত সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট বসিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায় ১ মাস জেল দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকী। সাথে ছিলেন উপজেলা মত্স্য অফিসার মো. আবুল বাশার, এ.এস.আই মো. সাবুল, উপজেলা জাতীয় মত্স্য সমিতির সম্পাদক মো. সুলতান আহম্মদ মাঝি। সেনবাগে শিবিরের হামলায় যুবলীগ নেতা আহত সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগের মগুয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবির কর্মীদের অতর্কিতে হামলায় উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন (২৬) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ও পরে তার অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।