ভাষানটেকে তরুণীর লাশের সাত টুকরো উদ্ধার

রাজধানীর ভাষানটেক থেকে এক তরুণীর ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর। হাতে ও পায়ে মেহেদী রঙ ছিল। ঈদুল আজহার পরের দিন বৃহস্পতিবার দুপুরে ভাষানটেক থানার দামালকোট ভূমি উন্নয়ন প্রজেক্টের ভেতর থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ঐ তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ভাষানটেক থানার ওসি জানান, তরুণীর পরিচয় শনাক্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। এছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য থানা এলাকায় এ ধরনের কোন তরুণী নিখোঁজ রয়েছে কি-না এ ব্যাপারে পুলিশের ওয়ারলেসে তথ্য দেয়া হয়েছে। পুলিশের ধারণা, ৩/৪ দিন আগে তরুণীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জোড়া স্যান্ডেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ভাষানটেক থানার এক এসআই জানান, দামালকোট ভূমি উন্নয়ন প্রজেক্টের পশ্চিম পাশের দেয়ালের ভিতরে লাশের টুকরোগুলো এলোমেলোভাবে পড়ে ছিল। স্থানীয় লোকজন প্রথমে লাশের টুকরোগুলো দেখতে পেয়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দুপুর ২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ সূত্র জানিয়েছে, তরুণীর দুই হাত, দুই পা এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। এছাড়া বুক থেকে নাভি বরাবর সোজা করে শরীর দুই ভাগ করা। হত্যার আগে ঐ নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা-এ বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে বলে মর্গ সূত্রে জানা গেছে।