ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

ধানমন্ডিতে দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার হামিদ সাব্বির ও তার স্ত্রী সেন্ট যোসেফ স্কুলের ইংরেজির শিক্ষক শিরিন আসমত উর্মি ছিনতাইকারীর কবলে পড়েছেন। ধানমন্ডির পুরাতন ২৮ নম্বর রোডে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামিদ সাব্বির বলেন, ধানমন্ডির ২৮ নম্বরে এক আত্মীয়ের বাসায় ঈদের দাওয়াত খেয়ে তারা তাদের শ্যামলীর বাসায় ফেরার উদ্দেশ্যে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকারে করে ৫ জন অস্ত্রধারী ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট, মানিব্যাগ-ভ্যানিটি ব্যাগে থাকা ৯ হাজার টাকা ও কানের এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ছিনতাইকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় জিডি করেছেন।