টেকেরহাটে নৌকাবাইচ
স্বাধীনতা পক্ষের শক্তি
নৈরাজ্য সৃষ্টিকারীদের
প্রতিরোধ করবে
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৫৫
২৫ অক্টোবর বিএনপি নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে মাঠে থাকার আহবান জানিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যের সমালোচনা করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগ, মহাজোটের শরীক ও স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবেই অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের প্রতিরোধ করবে। যাদের অভ্যাস আছে দা-কুড়াল দিয়ে কোপানো তারাই এ ধরনের কথা বলতে পারে। বৃহস্পতিবার বিকালে টেকেরহাট বন্দরের কুমার নদে বিশাল এক নৌকা বাইচ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাজৈর উপজেলার তাতীকান্দা যুবসংঘের আয়োজনে ও সংঘের সভাপতি হাজী ইউসুব শেখের সভাপতিত্বে কুমার নদে অনুষ্ঠিত এই নৌকাবাইচ অনুষ্ঠানে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ আশপাশের জেলার শতাধিক বিভিন্ন ধরনের বাচারী নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসময় হাজার হাজার মানুষ নদের দুইপাড়ে দাঁড়িয়ে এই নৌকাবাইচ উপভোগ করেন।
টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিজয়া দশমীর বার দোশরার দিনে প্রতি বছরের ন্যায় এবারও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা জলিরপাড়ে কুমার নদে প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে এবং অনেকেই পূজা অর্চনা শেষে প্রতিমা বিসর্জন দিয়ে পরিবেশকে আরো আনন্দঘন করে তুলে। ৫ কিলোমিটার ব্যাপী হরেক রকম পসরা নিয়ে বসে রকমারি মেলা। সমাগম ঘটে হাজার হাজার দর্শনার্থীর।
নওয়াপাড়ায় সংঘর্ষে আহত ৫
অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা গতকাল শুক্রবার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী দু’টি নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।