না’গঞ্জে মাথা উদ্ধারের ২ দিন পর মিলল দেহ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক যুবকের জবাই করা মাথা উদ্ধারের ২ দিন পর শুক্রবার সকালে দেহটি উদ্ধার করা হয়েছে। তবে হতভাগ্য যুবকের পরিচয় মিলেনি। এদিকে ঈদের একদিন আগে গভীর রাতে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফতুল্লা মডেল থানার এসআই কুদ্দুস জানান, বুধবার সকালে ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় একটি পরিত্যক্ত খালি জায়গা থেকে এক যুবকের জবাই করা মাথা পাওয়া যায়। শুক্রবার সকালে ঐ স্থানের ৬০-৭০ গজ দূরে অপর একটি ঝোপের মধ্য থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে প্রচুর আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে ২৭-২৮ বছরের ঔ যুবককে জবাই করে হত্যার পর মাথা ও দেহ দুই স্থানে ফেলে দেয় দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে ফতুল্লার ভুঁইয়ারবাগে হীরা লাল (৭০) নামের বৃদ্ধ খুন হয়েছেন। দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা শেষে ঘর থেকে লুটে নিয়েছে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় প্রতিবেশীরা জড়িত বলে দাবি করেছে নিহতের পরিবার। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা ও ছেলেকে আটক করেছে। এছাড়া ঈদের দিন রাতে ফতুল্লা থানার জামতলা এলাকায় রনি (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।