সিঙ্গাপুরে বিদেশি শ্রমিক নিয়োগে নতুন আইন
মো. শাহজাহান সাজু, সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২২:১৩
সিঙ্গাপুরে দক্ষ বিদেশি শ্রমিক নিয়োগে সম্প্রতি একটি নতুন আইন পাস করা হয়েছে। জারিকৃত নতুন এই আইনটিতে বলা হয়েছে, ২০১৪ সালের আগস্ট মাস থেকে ২৫ জনের বেশি শ্রমিক রয়েছে- এমন কোম্পানীগুলোকে প্রফেশনাল ও ম্যানেজারিয়াল পদে লোক নিয়োগ দিতে হলে বিজ্ঞপ্তি প্রকাশ এবং বেতন নূ্যূনতম ১২ হাজার সিঙ্গাপুরীয় ডলার নির্ধারণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দুই সপ্তাহ পরে উক্ত কোম্পানী বিদেশি কর্মী আনার ব্যাপারে ওয়ার্ক পাসের জন্য আবেদন করতে পারবে। এছাড়া অ্যাম্প্লয়মেন্ট পাশধারীদের বেতন ৩ হাজার ৩শ’ ডলারে উন্নীত করতে হবে। এটি আগামী ২০১৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রী ট্যাং চুয়ান জিং সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরীয়দের অধিকার রয়েছে তাদের যোগ্যতা দেখানোর। তাদের চাহিদা অনুযায়ী যাতে তারা চাকরি পেতে পারেন - সেই সুযোগ করে দেয়ার লক্ষ্যে এই উদ্যোগটি নেয়া হয়েছে। এর ফলে কোম্পানীগুলো স্বচ্ছতার সাথে প্রার্থী বেছে নিতে পারবে। কিছু অসাধু কোম্পানী আছে যারা স্থানীয়দের প্রতি কম মনোযোগী- তারাও এ ব্যাপারে সতর্ক থাকবে।