বিশ্বজাকের মঞ্জিলে ঈদ জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদ-উল আজহা উপলক্ষে গত বুধবার দেশের অন্যতম বৃহত্ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহ্র ঐক্য, সংহতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ৬৬ বছরের ঐতিহ্যবাহী এ ঈদ জামাত শান্তিকামী মুসলমানের অংশগ্রহণে মহাসমুদ্রে পরিণত হয়ে ছিল। পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ জামাতে নামাজ আদায় করেন। এর আগে হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরীর রওজা শরীফ জিয়ারত করা হয়। জামাত শেষে সমবেত মুসল্লীদের ঈদ শুভেচ্ছা জানানোর সময় জাকের পার্টি চেয়ারম্যান পরীজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, আমরা এখন পরস্পর পরস্পরকে আঘাত হানছি। অথচ সাম্য, শৃংখলা, ঐক্য, ভ্রাতৃত্ব এগুলো দ্বারা পরিবার, রাষ্ট্র ও বিশ্ব পরিবার টিকে থাকে। একটি পরিবারের জন্য একজন আদর্শ অভিভাবক যেমন জরুরি তেমনি একটি রাষ্ট্রের জন্যও জরুরি। বিশ্ব ওলির আদর্শের পথে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে।—প্রেস বিজ্ঞপ্তি