বেনাপোলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৩
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৮
জেলার বেনাপোলের দুর্গাপুর মোড় ও শার্শার গোগা বাজারে গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে মোট ৩ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা গোগা বিএনপি অফিস ভাংচুর এবং ২০টি দোকান লুটপাট করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার বলেন, দুর্গাপুর মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির ২ পক্ষের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় মান্নান (৪৫) ও মিজান (৪০) গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে গোগা বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু তাহের নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়ে ভাংচুর এবং ২০টি দোকান লুটপাট করে। প্রায় ২ ঘন্টা এ তাণ্ডব চলে। ব্যবসায়ীরা বিষয়টি শার্শা থানার ওসিকে জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ পাওয়া গেছে।