নাটোরে এক ব্যক্তিকে পানিতে ডুবিয়ে হত্যা!
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৯
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সাইদুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে মঈনুল ইসলাম নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের ছেলে সাগর ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদুর রহমানের সাথে প্রতিবেশী জমিন সরকারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমিনের ছেলেরা সাইদুর রহমানকে বিলশা বাজারে একা পেয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে সাইদুর অচেতন হয়ে পড়লে মৃত ভেবে তাকে চলনবিলে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ এগিয়ে আসেনি সাইদুরকে উদ্ধার করতে। তারা চলে যাওয়ার পর সাইদুরকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে সাগর অভিযুক্তদের বিচার দাবি করেছেন।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় জড়িত অভিযোগে মঈনুল ইসলাম নামে এক ব্যক্তিকে এলাকাবাসি আটক করেছে। তাকে পুলিশে দেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।