খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত ২
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:০৩
মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের প্রহারে নিহত হয়েছেন রাজধানীর বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্র রাজু ব্যাপারী (২৩)। গত বৃৃহস্পতিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদের দিন বিকালে খানজাহান আলী (রূপসা সেতু) সেতুর ওপর কয়েকজন বখাটে মেয়েদের উত্ত্যক্ত করছিল। এসময় রাজু তার প্রতিবাদ করলে বখাটেদের প্রহারে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র রাজু ঈদের ছুটি কাটাতে রূপসা উপজেলার জাবুসা গ্রামে নানা বাড়ি এসেছিলেন।
এদিকে গত মঙ্গলবার ফুলতলা উপজেলায় হাফিজ বাহিনী ও সবুজ বাহিনীর আভ্যন্তরীণ কোন্দলে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দামোদর এলাকায় প্রতিপক্ষের গুলিতে সুমন নিহত হন। তিনি স্থানীয় সবুজ বাহিনীর সদস্য ছিলেন বলে পুলিশ জানায়। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে।