ঝিনাইদহে গার্ডকে হত্যার পর ব্যাংক থেকে ৭২ লাখ টাকা লুট

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষীকে হত্যা করে ৭২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যাংক থেকে আয়ুব হোসেন (৫০) নামের ওই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। আয়ুব হোসেন যশোর সদর উপজেলার রাজারহাট কচুয়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে। ব্যাংকের ম্যানেজার মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮ টা থেকে আইয়ুব হোসেনের ডিউটি ছিল। রাতের কোন ্এক সময় ডাকাতরা তাকে হত্যা করে টাকা লুট করে নিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় গেটের তালা ভেঙ্গে আইয়ুবের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক ও ওসি লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, ব্যাংকের ভোল্টে ৭২ লাখ ১১ হাজার টাকা ছিল। ডাকাতরা গার্ডকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যার পর ভোল্ট ভেঙ্গে টাকা লুট করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, গত ২৯ সেপ্টেম্বর একটি কনজুমার দ্রব্য বিক্রয়কারি প্রতিষ্ঠানের নামে কয়েকজন ব্যক্তি ব্যাংক বিল্ডিং এর ৩ তলা ভাড়া নেয়। তারা ঈদের দু দিন আগে ওই ভবনে অবস্থান নেয়। তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে পুলিশ সুপার ধারণা করছেন।