বাংলাদেশি ছাত্রকে ফেরত দেয়নি বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১১
কুড়িগ্রামের নাগেশ্বরীর বাহের কেদার সীমান্তে আটক বাংলাদেশি স্কুলছাত্র হাবিবুরকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের পর হাবিবুরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়ার আশ্বাস দিলেও ফেরত না দিয়ে ভারতের গোরকগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, আটক ছাত্রকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯-এর নিকটবর্তী ঢলুয়াবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সোনাহাট কোম্পানি কমান্ডার রহমতউল্লাহ। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কেদার কোম্পানি কমান্ডার রতন সিং। এ সময় বিজিবির প্রতিনিধি দলকে বিএসএফ জানায়, আটক বাংলাদেশি ছাত্রকে গোরকগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের সোনাহাট কোম্পানি কমান্ডার রহমতুল্লাহ জানান, বিএসএফ হাবিবুরকে ছেড়ে দিবে বলে পতাকা বৈঠকের আয়োজন করে। কিন্তু তারা বৈঠকে এসে জানায় আটক ছাত্রকে থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহার দিন ভারতবাসী দাদুকে ঈদ উপহার লুঙ্গি দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় হাবিবুর। হাবিবুর নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাবু মিয়ার পুত্র এবং সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।