মওদুদীবাদ যুদ্ধাপরাধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১২
বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডরী বলেছেন, অবিলম্বে মওদুদীবাদ যুদ্ধাপরাধী জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তারা আউলিয়া বিরোধী, তরিকত বিরোধী, তারা মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। জেলার ফটিকছড়ি মাইজভান্ডারস্থ বিটিএফ কার্যালয়ে গত বৃহস্পতিবার উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতের দেয়া ১৩ দফা দাবি নিয়ে প্রশ্নে রেখে তিনি বলেন, যদি খালেদা জিয়াকে নেত্রী হিসাবে মেনে নেন—তাহলে ১৩ দফা থাকে কি? তিনি আরো বলেন, জামায়াতের রাজনীতি নিয়ে বি টি এফ যে মামলা করে সেই মামলায় জামায়াতের নিবন্ধন বাতিল হয়। কওমি মাদ্রাসা নিয়ে তিনি বলেন, এক দেশে ২ আইন চলতে পারে না। কওমি মাদ্রাসা কমিশন করা যাবে না। কওমি মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রেণে আনতে হবে। জামায়াতের কোন মাদ্রাসা এ দেশে নেই। কিন্তু তারা কওমি মাদ্রাসাকে টাকা দিয়ে ব্যবহার করে।
শাহাজাদা বেলাল উদ্দিন শাহ্র সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আলী ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বিটিএফের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডরী, শহিদুল আলম শাহ্, মাওলানা আলী আজম রেজভী। বক্তব্য রাখেন কাজী শফিউল আলম, সৈয়দ মোহাম্মদ গোলাম মাওলা ও সাইফুর রহমান ফারুকী প্রমুখ।