ট্যাবলেট পিসির জন্য আসছে ‘ভ্যান গগ টাচ’

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের ভক্তের অভাব নেই। তার একটি ছবি দেখার জন্য অনেকেই হাজার হাজার মাইল পেরিয়ে চলে যায় দেশ-বিদেশের সব জাদুঘরে। তার ছবির কিছু সংগ্রহ দেখা যায় অনলাইনেও। এবারে স্মার্টফোন আর ট্যাবলেট পিসির অ্যাপ্লিকেশন আকারে হাজির হতে যাচ্ছে ভ্যান গগের বিখ্যাত সব ছবি। ‘ভ্যান গগ টাচ’ নামে এই অ্যাপ্লিকেশনে রয়েছে ‘দ্য বেডরুম’, ‘ভিউ ফ্রম থিও’র অ্যাপার্টমেন্ট’, ‘ডবিগনিস গার্ডেন’-এর মতো সব উল্লেখযোগ্য চিত্রকর্ম স্থান পেয়েছে এই অ্যাপ্লিকেশনে। নেদারল্যান্ডের আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম কর্তৃপক্ষ তৈরি করিয়েছে এই অ্যাপ্লিকেশন। তবে এটি সাধারণ ছবি প্রদর্শনের কোনো অ্যাপ্লিকেশন হিসেবে তৈরি করা হয়নি। এতে ভ্যান গগের প্রতিটি ছবির খুঁটিনাটি দেখা যাবে। ফলে তার ছবি আঁকার ধরণ সম্পর্কে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে করে ভ্যান গগের ছবিগুলোকে সমঝদাররা আরও গভীরভাবে জানতে পারবেন এবং ভ্যান গগকেও জানা যাবে নতুন করে।